নতুন কাজে যোগ দেওয়া হলো না দুই বন্ধুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হায়দার আলী ও আতাউল ইসলাম (বাঁ থেকে)
ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে আজ বুধবার সকাল থেকে নতুন কাজে যোগ দিতেন দুই বন্ধু হায়দার আলী (৩০) ও আতাউল ইসলাম (৩০)। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের একটি চালকলে যোগদানের কথা ছিল তাঁদের। কর্মস্থলের কাছাকাছি পৌঁছালেও সড়ক দুর্ঘটনা সবকিছুর ইতি টেনেছে।

আজ সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলা অংশের সোনারামপুর এলাকায় ট্রাকের চাপায় ওই দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহত হায়দার দিনাজপুরের সদর উপজেলার মাঝিপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে। আতাউল ইসলাম একই এলাকার আবদুল হাইয়ের ছেলে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মাববুল মিয়া (৩২), শফিকুল ইসলাম (৩০) ও আলমগীর হোসেন (৩২)। তাঁরা সবাই মাঝিপাড়া গ্রাম থেকে কাজে যোগ দিতে আশুগঞ্জ এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ওই পাঁচ যুবক একটি বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় পণ্যবাহী একটি ট্রাক তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই হায়দার ও আতাউল মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে এবং আহত ব্যক্তিদের জেলা সদর হাসপাতালে পাঠায়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম প্রথম আলোকে বলেন, লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মহাসড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে। এদিকে দুর্ঘটনার পরপরই ওই ট্রাকের চালক ট্রাকটি নিয়ে পালিয়েছেন।