নতুন গ্রেপ্তার নেই, সোমবার সম্প্রীতি সমাবেশের ডাক আ.লীগের
কুমিল্লা নগরের নানুয়াদিঘির পাড় পূজামণ্ডপের ঘটনায় বিভিন্ন মন্দির ও মণ্ডপে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও ফেসবুকে উসকানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে দায়ের পাঁচ মামলায় নতুন গ্রেপ্তার নেই। তবে ঢাকা ও কুমিল্লার পুলিশের দুটি দল শনিবার রাত থেকে নগরের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে।
এদিকে সোমবার বেলা তিনটায় কুমিল্লা টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এ নিয়ে রোববার নগরীতে মাইকিংও করা হয়।
জানতে চাইলে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘কুমিল্লায় পূজামণ্ডপ ও মন্দিরে হামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রতা ছড়ানোর ঘটনায় এ পর্যন্ত পুলিশ চারটি ও র্যাব বাদী হয়ে একটি মামলা করেছে। এসব মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের জামায়াতপন্থী তিন কাউন্সিলরসহ এজাহারভুক্ত আসামি ৬২ জন। অজ্ঞাতনামা আসামি ৫০০ জন। এর মধ্যে পুলিশ ৩৯ জনকে ও র্যাব একজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা সবাই এজাহারভুক্ত আসামি। নতুন করে শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। ঢাকা ও কুমিল্লার পুলিশের দল কাজ করছে। এখনো আমরা কাজ করে যাচ্ছি। বলার মতো কিছু নেই।’
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, ১৩ অক্টোবর ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যে কে বা কারা কুমিল্লা নগরের নানুয়াদিঘির পাড় পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননা করার অপরাধে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
১৩ অক্টোবর দুপুর ১২টা ৪৫ মিনিটে কুমিল্লা নগরের কাপড়িয়াপট্টি চাঁনমনী কালীমন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ, পুরোহিত ও দর্শনার্থীদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম খান বাদী হয়ে ওই মামলা করেন। এ মামলার প্রধান আসামি নবাববাড়ি এলাকার এরশাদুল হকসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামায়াতের নেতা মোশারফ হোসেনকে ১৯ নম্বর আসামি করা হয়েছে।
একই দিন বেলা ২টা ৪৫ মিনিটে কুমিল্লা নগরের ঠাকুরপাড়া কালীতলা এলাকার রক্ষাময়ী কালীমন্দিরের ভেতরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। এ ঘটনায় এসআই আলমগীর বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রধান আসামি হলেন নগরের মুরাদপুর এলাকার মাহমুদুল হাসান। এই মামলার ২১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম কিবরিয়াকে ২২ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরাম হোসেন ওরফে বাবুকে ২৩ নম্বর আসামি করা হয়।
কাউন্সিলর একরাম হোসেন রোববার বিকেলে তাঁর বাসায় সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘটনার সময় আমি কুমিল্লা সিটি করপোরেশনের মাসিক সভা উপলক্ষে নগর ভবনে ছিলাম। এখন আমি ভিন্ন দল করি, তাই আমাকে মামলার আসামি করা হলো।’
ঘটনার দিন কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম বলেন, পূজামণ্ডপের ঘটনায় কয়েকজন যুবক ফেসবুকে লাইভ করেন। কেউ ভিডিও করেন। এ ঘটনায় ১৩ অক্টোবর রাত ৯টা ৪০ মিনিটে কুমিল্লা নগরের কান্দিরপাড় খন্দকার হক টাওয়ারের সামনে থেকে ফয়েজকে (৪১) গ্রেপ্তার করা হয়। পরের দিন তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এসআই মফিজুল ইসলাম খান বাদী হয়ে ফয়েজের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।
এদিকে কুমিল্লা নগরের নানুয়াদিঘির পাড় পূজামণ্ডপের অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গোলাম মাওলা (২৬) নামের এক তরুণ নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন উগ্রবাদী কথা প্রচার করে। এ ঘটনায় ১৪ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর বাড়ি জেলার বুড়িচং উপজেলার কালিকাপুর গ্রামে। র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লার পুলিশ পরিদর্শক (শহর ও যান) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
এ প্রসঙ্গে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘সোমবার তদন্ত রিপোর্ট দেওয়া হবে। শহর শান্ত আছে।’
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।