নতুন জামা-জুতা পরা মীমের আর নানাবাড়ি যাওয়া হলো না
শিশু মীম খাতুনের (৭) পায়ে তখনো নতুন জুতা। পরনে নতুন জামা। খুশিমনে মায়ের সঙ্গে বের হয়েছিল নানার বাড়ি বেড়াতে যাওয়ার জন্য। কিন্তু মাঝরাস্তায় যেতেই আনন্দভ্রমণে রওনা হওয়া একটি বাস কেড়ে নেয় তার জীবনের সব আনন্দ। মীমের নিথর দেহটি পড়ে থাকে রাস্তার পাশে। পাগলপ্রায় মা মেয়ের লাশ নিয়ে ফেরেন বাড়িতে।
আজ শুক্রবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের ঈশ্বরদী-লালপুর-বাঘা সড়কে ঘটনাটি ঘটে। বাসটি কুষ্টিয়ার ভেড়ামারা থেকে লালপুরের গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছিল। এর চালককে আটক ও বাসটি জব্দ করেছে পুলিশ।
নিহত মীম খাতুন লালপুর উপজেলার কাজিপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লালপুর থানা–পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে কাজিপাড়ার নিজ বাড়ি থেকে ভ্যানগাড়িতে করে মায়ের সঙ্গে মাধবপুরে নানার বাড়িতে যাচ্ছিল মীম। উত্তর লালপুর সড়কে পৌঁছালে ঈশ্বরদীর দিক থেকে আসা আনন্দভ্রমণের সাব্বির এন্টারপ্রাইজ নামের একটি বাস তাঁদের বহনকারী ভ্যানগাড়িটিকে ধাক্কা দেয়। এতে মীম ও তৌহিদুল ইসলাম (৫২) নামের ভ্যানগাড়ির আরেক যাত্রী রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পথচারীরা তাঁদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন। আহত তৌহিদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মীমের মা ভ্যানের অন্য পাশে থাকায় প্রাণে বেঁচে যান।
একমাত্র মেয়েকে হারিয়ে পাগলপ্রায় মীমের বাবা শহিদুল ইসলাম বলেন, নানাবাড়িতে বেড়াতে যাওয়ার জন্য মেয়ে নতুন জুতা ও জামা চেয়েছিল। কিনে দেওয়ার পর সেসব পরেই সে রওনা হয়েছিল। খবর পেয়ে হাসপাতালে গিয়ে তিনি দেখেন তখনো মেয়ের পায়ে নতুন জুতা ও পরনে নতুন জামা। চোখের সামনে মেয়ের মৃত্যু দেখে বাক্রুদ্ধ হয়ে পড়েছেন মীমের মা।
উত্তর লালপুর গ্রামের আকবর আলী বলেন, লালপুরের গ্রিন ভ্যালি পার্কে প্রতিদিন ৩০ থেকে ৫০ হাজার মানুষ বেড়াতে আসেন। আনন্দভ্রমণে আসা মানুষজনকে বহনকারী বাসের আনাগোনায় ঈশ্বরদী-লালপুর, গোপালপুর-লালপুর ও বাঘা-লালপুর সড়কে সব সময় যানজট লেগে থাকে। এত বাসের চাপে এসব সড়কে ছোট যানবাহন চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। অথচ বিষয়টি নিয়ন্ত্রণের কেউ নেই। ফলে গত কয়েক দিনে এই এলাকায় এমন আরও তিনটি দুর্ঘটনা ঘটেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গ্রিন ভ্যালি পার্কের কারণে আশপাশের সড়কে যানজটের কথা স্বীকার করে ওসি মনোয়ারুজ্জামান বলেন, ‘সীমিত লোকবল দিয়ে তো আমরা সব সড়ক নিয়ন্ত্রণ করতে পারি না। পার্কে ধারণক্ষমতার অন্তত তিন গুণ লোক জড়ো হন। কিছুই করার থাকে না।’
গ্রিন ভ্যালি পার্কের চেয়ারম্যান আরজুমান্দ বানু বলেন, তাঁদের সঙ্গে যোগাযোগ না করেই দূরদূরান্ত থেকে অনেকে বাস নিয়ে রওনা হন। ফলে তাঁরাও কিছু করতে পারছেন না।