নতুন নোট হাতে পেয়ে তালেমুন ও রকিবুল বলে উঠল, ‘ঈদ মোবারক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে ঈদের নামাজ শেষে পাঁচ তরুণ নতুন টাকা তুলে দেন সুবিধাবঞ্চিত শিশু–কিশোরদের হাতে
প্রথম আলো

তখন শুক্রবার বেলা ১১টা। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের স্টেডিয়াম এলাকার বেদেপল্লির তালেমুন বেগম (১১) ও রকিবুলের (৯) কাছে ঈদের দিনটি আর ১০টা দিনের মতো স্বাভাবিক। গায়ে পুরোনো ও ছেঁড়া জামা। দুপুরে কী দিয়ে খাবে, তা–ও অজানা। এমন একটি সময়ে নতুন টাকা হাতে স্থানীয় পাঁচ তরুণ তাদের মধ্যে হাজির। তালেমুন ও রকিবুলের হাতে ১০০ টাকা করে নতুন নোট তুলে দেন তরুণেরা। নতুন নোট পেয়ে খুশিতে তালেমুন ও রকিবুল বলে উঠল, ‘ঈদ মোবারক’।

তালেমুন বলে, ‘টিভিতে দেহি ঈদের দিন সেলাম করলে নতুন টেহা সেলামি পায়। আমি কোনো দিন কেউরে সেলাম করতে পারি নাই, টেহাও পাই নাই। আইজ পাইলাম।’ রকিবুল জানায়, এই টাকা সে খরচ করবে না, জমিয়ে রাখবে। দাগ পড়তেও দেবে না।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের নামাজের পর সুবিধাবঞ্চিত শিশু–কিশোরের মধ্যে নতুন টাকা বিলিয়ে দিতে উদ্যোগী হন সবুজ, সেজান, ইমরুল, তন্ময় ও সাব্বির নামের ভৈরবের পাঁচ তরুণ। তাঁরা পেশায় ব্যাংকার। একটি বেসরকারি ব্যাংকের স্থানীয় উপশাখায় তাঁরা কর্মরত।

এই তরুণেরা জানালেন, ঈদে নতুন নোটের প্রতি শিশু–কিশোরদের বেশ আকর্ষণ থাকে। কিন্তু ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুরা ঈদসেলামি হিসেবে নতুন নোট পাওয়া থেকে বঞ্চিত হয়। বিষয়টি তাঁদের মনে দাগ কাটে। তাঁরা সিদ্ধান্ত নেন, বেতনের টাকা থেকে এবার তাঁরা কিছু টাকা আলাদা করে রাখবেন এবং সমমূল্যের নতুন নোট ঈদের দিন বিতরণ করবেন।

এই পাঁচজন গতকাল নামাজের পর বেদেপল্লিতে যান। সেখানে প্রায় ৪০ জন শিশু–কিশোরের হাতে ২০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত তুলে দেন। পরে যান উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামে অবস্থিত একটি এতিমখানায়। সেখানে অর্ধশত শিশু–কিশোরের হাতে নতুন টাকা তুলে দেওয়া হয়। এ ছাড়া রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে দেওয়া হয় আরও ২০ জনকে।

তরুণেরা এতিমখানায় যখন যান, তখন দুপুর সাড়ে ১২টা। নতুন নোট পাওয়ার পর এতিমখানার শিশু–কিশোরদের চোখেমুখেও অন্য রকম ঈদ আনন্দ স্পষ্ট হয়। শিক্ষার্থী হাসান (৭) পেয়েছে ৫০ টাকার একটি নোট। পাওয়ার পর এপিঠ–ওপিঠ করে নোট দেখছিল হাসান। কেমন লাগছে, জিজ্ঞেস করতেই হাসান উত্তর দিল, ‘ভালা।’ টাকা দিয়ে কী করবা, এমন প্রশ্নের উত্তর সে জানাল, ‘ঘুড়ি কিনুম আর আইসক্রিম খামু।’

নতুন নোট তুলে দেওয়ার মূল ভাবনা আসে সবুজের কাছ থেকে। তিনি বলেন, ‘বাঙালির ঈদ আনন্দের একটি বড় অংশ সেলামি। বড়রা দেন, আর ছোটরা নেয়। দেওয়া ও নেওয়া, দুইয়ে আনন্দ। তবে সমাজে এমন কিছু শিশু–কিশোর আছে, যারা ঈদসেলামি এবং নতুন নোট পাওয়ার আনন্দ না নিয়েই বড় হয়। বঞ্চিত শিশু–কিশোরদের মনের অবস্থা বোঝার চেষ্টা করেছি আমরা। উদ্যোগ বাস্তবায়ন করে সমাজের কিঞ্চিৎ অংশের ছোটদের কষ্ট লাঘব করতে পেরেছি মাত্র।’