১৯ বছর পর এবার জ্যোৎস্না বেগম (৬৫) ভোট দিয়ে তাঁদের নবগঠিত মৌডুবি ইউনিয়নের চেয়ারম্যানসহ ইউপির প্রতিনিধি নির্বাচন করতে যাচ্ছেন। এর আগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল মৌডুবি এলাকা। মামলার জটিলতায় দীর্ঘ ১৯ বছর সেখানে ইউপি নির্বাচন হয়নি।
এদিকে বড়বাইশদিয়া ইউনিয়ন থেকে এবার মৌডুবি আলাদা হয়ে পৃথক ইউনিয়ন ঘোষণা হয়। এবার সপ্তম দফায় ৭ ফেব্রুয়ারি প্রথম মৌডুবি ইউপি নির্বাচন হচ্ছে। দীর্ঘদিন ধরে মৌডুবিবাসী নাগরিক সুবিধাসহ এলাকার উন্নয়নে অনেক পিছিয়ে ছিল। তাই ভোটাররাও তাঁদের যোগ্য প্রতিনিধি নির্বাচনসহ অনেক প্রত্যাশা করছেন।
রোববার সরেজমিন মৌডুবি এলাকা গেলে ভোটাররা তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
২০১১ সালের ৬ জানুয়ারি সরকারি গেজেটের মাধ্যমে মৌডুবি পৃথক ইউনিয়ন হিসেবে অন্তর্ভুক্ত হয়। ২০২০ সালের ২৩ মার্চ মৌডুবি ইউনিয়নের প্রশাসক নিয়োগ ও কার্যক্রম শুরু হয়। নিয়োগ পান রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। তিনি জানান, ১০ হাজার ৪৭৭ একর আয়তনের মৌডুবি ইউনিয়নের লোকসংখ্যা ২০ হাজার ৩৯। মৌডুবিতে গ্রামীণ সড়ক রয়েছে ৯০ কিলোমিটার। এর মধ্যে পাকা সড়ক মাত্র ১৫ কিলোমিটার। ৭৫ কিলোমিটার সড়কই কাঁচা। বর্ষা মৌসুমে মৌডুবিবাসীকে কাদামাটি ভেঙে চলাচল করতে হয়। ইউনিয়নের উন্নয়নে বড় বাধা সড়ক যোগাযোগ অনুন্নত থাকা।
মৌডুবির ৪ নম্বর ওয়ার্ডের নিজকাটা গ্রামের বাসিন্দা জ্যোৎস্না বেগম বলেন, বড়বাইশদিয়া অবকাঠামো কিছুটা উন্নয়ন হলেও মৌডুবি এখনো পিছিয়ে রয়েছে। হাতে গোনা কয়েকটি গ্রামীণ রাস্তা পাকা হলেও ইউনিয়নের অধিকাংশ রাস্তাই কাঁচা। বর্ষা মৌসুমে এলাকার মানুষকে কাদামাটি ভেঙে উপজেলা সদরে যেতে হয়। তিনি আরও বলেন, ‘আমরা চাই, যিনি গ্রামীণ সড়ক পাকা করে সড়ক যোগাযোগ উন্নয়ন করবেন, তাঁকেই প্রতিনিধি নির্বাচিত করব।’
১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাহেব আলী মৃধা (৫৪) বলেন, ‘বড়বাইশদিয়া ইউনিয়নে অন্তর্ভুক্ত থাকার সময় মৌডুবির মানুষ সব সময় বৈষম্যের শিকার হয়েছেন। দুর্যোগ-পরবর্তী ত্রাণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এই এলাকার মানুষ কম পেয়েছেন। আমরা চাই, ভালো মানুষ ও সাধারণ মানুষের পাশে থাকবেন, তাঁকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করব।’
মৌডুবি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাজীকান্দা গ্রামের গৃহবধূ রেদোয়ানা বেগম (৩০) ও নিলুফা বেগম (২৫) ভোট প্রদানের জন্য উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন। তাঁরা বলেন, ‘আমাদের গ্রামে যেভাবে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলছে, যেন উৎসব আসছে। আমরাও চাই, শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট হোক।’
মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, আসলে সম্ভাবনাময় ইউনিয়ন মৌডুবি। এখানে বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা মৌডুবিতে রয়েছে জাহাজমারা সৈকত। দীর্ঘ এ সৈকতে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। সৈকত ঘিরে রয়েছে বিশাল বনাঞ্চল। ইতিমধ্যে পর্যটকেরা ছুটে আসতে শুরু করেছেন জাহাজমারা সৈকতে। গ্রামীণ সড়কের উন্নয়ন ও আবাসনব্যবস্থা হলেও জাহাজমারা সৈকত ঘিরেই মৌডুবি ইউনিয়নের উন্নয়ন এগিয়ে যাবে। কাজেই মৌডুবিবাসী ভালো ও সৎ প্রতিনিধি নির্বাচিত করবে, যিনি মৌডুবি ইউনিয়নের উন্নয়ন করে এগিয়ে নেবেন।
মৌডুবি ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার জানান, এই প্রথমবারের মতো মৌডুবি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে মাহমুদ হাসান (নৌকা), স্বতন্ত্র মাহাবুব হোসেন (আনারস), মুহাম্মদ নাসিম আরেফিন (ঘোড়া), মো. হাসান মাহমুদ (চশমা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রেজাউল হাওলাদার (হাতপাখা)।