নতুন বই আনতে গিয়ে তিন ছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ার শিবগঞ্জে নতুন শিক্ষাবর্ষে বিদ্যালয়ে বই আনতে গিয়ে একসঙ্গে তিন ছাত্রী নিখোঁজ হয়েছে। শনিবার বছরের প্রথম দিনে উপজেলার মোকামতলা বন্দর থেকে ওই ছাত্রীরা নিখোঁজ হয়।

এ ঘটনায় তিন স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ এনে অভিভাবকেরা তিন যুবকের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত যুবকেরা হলেন উপজেলার মুরাদপুর গ্রামের সাকিল আহম্মেদ (২২), শংকরপুর গ্রামের রবিন শেখ (২৩) ও অভিরামপুর এলাকার জাবির ইসলাম (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন ছাত্রী শিবগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করে। শনিবার নতুন শিক্ষাবর্ষের বই আনতে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় তিন শিক্ষার্থী। এর পর থেকে তিনজনই নিখোঁজ। বিদ্যালয়ে যাওয়ার পথে শিক্ষার্থীদের অপহরণ করা হয়েছে বলে অভিভাবকেরা অভিযোগ করেন।

এক অভিভাবক জানান, এলাকার বখাটে যুবকেরা মেয়েদের অপহরণ করে নিয়ে গেছে। মেয়েদের উদ্ধার চেয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, তিন ছাত্রীকে অপহরণ করা হয়েছে, তিন যুবকের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে একজনের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ ছাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে।