নতুন বাসা পেল সিংড়ায় উদ্ধার হওয়া ৩ মেছো বাঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধারের পর মেছো বাঘের ছানাগুলো অবমুক্ত করেন ইউএনও ও পরিবেশ কর্মীরা। বুধবার নাটোরের সিংড়ার শেরকোল বাজারে
প্রথম আলো

বন্যার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকার একটি খড়ির আড়ত। আজ বুধবার সে আড়ত খুলতেই বেরিয়ে আসে বিপন্ন প্রজাতির তিনটি মেছোবাঘ। পরে স্থানীয় লোকজন মেছোবাঘ তিনটি আটক করে। খবর পেয়ে ছানাগুলোর থাকার জন্য নতুন বাসা করে দিয়েছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই খড়ির আড়তেই বাঘের ছানাগুলোর থাকার জন্য বাসা করে দেওয়া হয়েছে। নতুন বাসায় ছানাগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শেরকোল বাজার এলাকার বদ্ধ খড়ির আড়তে চারটি ছানার জন্ম দেয় একটি মেছো বাঘ। বুধবার আড়ত খুলে ট্রাকে খড়ি ওঠানোর সময় ছানাগুলোকে দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় তাঁরা তিনটি ছানা আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে ইউএনও বিষয়টি রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানান। এর মধ্যেই স্থানীয় স্বেচ্ছাসেবী পরিবেশকর্মীরা সেখানে গিয়ে ছানাগুলোর জন্য একটি নতুন বাসা তৈরি করেন। পরে ইউএনও ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছানাগুলোকে নতুন বাসায় তুলে দেন।

রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বলেন, উদ্ধার ছানাগুলো বাঘ প্রজাতির মেছো বিড়াল। এরা ইঁদুর ও ক্ষতিকারক পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। এই প্রাণীগুলো মানুষের কোনো ক্ষতি করে না।