কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স
নতুন ভবনের কাজ বন্ধ, জীর্ণ ভবনে চিকিৎসা
হাসপাতালের ৯ চিকিৎসকের ৭টি পদ শূন্য। প্রতিদিন বহির্বিভাগে গড়ে ২০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসে।
পিরোজপুরের কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবন, শয্যাসংকট ও বেশির ভাগ চিকিৎসকের পদ শূন্য থাকায় রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ এক যুগ ধরে বন্ধ। পুরোনো জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসার কার্যক্রম। এ ছাড়া হাসপাতালের ৯ চিকিৎসকের ৭টি পদ শূন্য।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯টি পদ রয়েছে। এর মধ্যে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), কনিষ্ঠ পরামর্শক মেডিসিন, কনিষ্ঠ পরামর্শক সার্জারি, কনিষ্ঠ পরামর্শক গাইনি, কনিষ্ঠ পরামর্শক অ্যানেসথেসিয়া ও ডেন্টাল সার্জনের পদ শূন্য রয়েছে। মেডিকেল অফিসারের দুটি পদের মধ্যে একটি পদ শূন্য রয়েছে। প্রতিদিন বহির্বিভাগে গড়ে ২০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসে। হাসপাতালে ৩০ থেকে ৩৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিয়ে থাকে।
কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুল লতিফ বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেক রোগীকে চিকিৎসা নিতে পিরোজপুর ও বরিশালে যেতে হচ্ছে। জরাজীর্ণ ভবনের কারণে চিকিৎসকেরা এখানে থাকতে চান না। তাঁরা বদলি হয়ে চলে যান। রোগী ভর্তি বেশি হলে ৩১ শয্যার হাসপাতালের মেঝেতে রোগীদের শুয়ে থাকতে হয়। হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার দাবি করে এলেও কোনো ফল পাইনি।’
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে ২০০৭-০৮ অর্থবছরে সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। এতে হাসপাতালের সম্প্রসারিত নতুন দ্বিতল ভবন, বহির্বিভাগের রোগীদের জন্য দ্বিতল ভবন নির্মাণ, চিকিৎসক-কর্মচারীদের জন্য দুটি নতুন আবাসিক ভবন নির্মাণসহ পুরোনো ভবন মেরামত করার কথা বলা হয়। ২০০৮ সালের আগস্টে মেসার্স নুরী এন্টারপ্রাইজ নামের বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ওই কার্যাদেশের ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। ২০০৯ সালে ঠিকাদার ২৫ ভাগ কাজ করে ফেলে রাখেন। নির্দিষ্ট সময় কাজ শেষ না করায় ২০১৪ সালের ২৫ জুন নুরী এন্টারপ্রাইজের দরপত্রের কার্যাদেশ বাতিল করা হয়।
গত সোমবার বিকেলে সরেজমিন দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনের সামনে নতুন একটি ভবন ও পেছনে চিকিৎসক-কর্মচারীদের দুটি পাকা ভবনের কাজ শেষ না করে ফেলে রাখা হয়েছে। কাজ ফেলে রাখায় নির্মাণাধীন ভবনের রডগুলোতে মরিচা ও দেয়ালে শেওলা ধরে গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, সত্তর দশকে নির্মিত হাসপাতালের মূল ভবনটি অনেক আগে জরাজীর্ণ হয়ে গেছে। সেখানে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। ভবনের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাসিক প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়।
সিভিল সার্জন হাসনাত ইউসুফ বলেন, নির্মাণাধীন ভবনটি দীর্ঘদিন ফেলে রাখায় সেখানে বহুতল ভবন নির্মাণ সম্ভব নয়। পুরোনো ভবনটি ভেঙে সেখানে আটতলা ভবন নির্মাণ করা হবে।