নতুন মোটরসাইকেলে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল তিন বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

এক দিন আগে নতুন মোটরসাইকেল কিনেছিলেন মকবুল। দুই বন্ধুকে নিয়ে সেই মোটরসাইকেলে ঘুরতে বের হন। কিন্তু তাঁদের আর ফেরা হলো না। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দেয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তিন বন্ধুর।

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরুণেরা হলেন মাটিকাটা গ্রামের বাছেদ হোসেনের ছেলে মকবুল হোসেন ও আবদুর রশিদের ছেলে আসাদুল ইসলাম এবং পাশের কোনাপাড়া গ্রামের রাকিব হোসেন। তাঁদের বয়স ১৮ থেকে ২০ বছরের এর মধ্যে।

স্থানীয় লোকজন জানান, মকবুল গতকাল বৃহস্পতিবার একটি নতুন মোটরসাইকেল কেনেন। সকালে আসাদুল ও রাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন।

প্রত্যক্ষদর্শী বিদ্যুৎ খান জানান, বেলা একটার দিকে মোটরসাইকেলটি রুহুলী গ্রামে একটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে তা রাস্তার পাশে থাকা একটি দেয়ালের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে তিনজনই মাথায় গুরুতর আঘাত পান এবং তাঁদের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।