নতুন রিকশা পেলেন সবদুল
কয়েক দিন আগের কথা। বাড়ি থেকে ব্যাটারিচালিত রিকশা চুরি হয়ে যায় সবদুল হোসেনের। আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। গণমাধ্যমে তাঁকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এক যুক্তরাজ্যপ্রবাসীসহ দুজন তাঁকে সহায়তা করেন। সহায়তার সেই টাকা দিয়ে তাঁকে ব্যাটারিচালিত একটি নতুন রিকশা কিনে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই টাকায় তিনি ঋণের কিছু টাকাও পরিশোধ করেছেন।
রিকশাচালক সবদুল হোসেনের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের শ্রীরামপুর গ্রামে। তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে তাঁর সংসার। আজ বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া জেরিন আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ব্যাটারিচালিত রিকশাটি তুলে দেন।
সবদুল হোসেনের পারিবারিক সূত্র জানায়, একটি এনজিও থেকে ঋণ নিয়ে ও জমানো টাকা দিয়ে ব্যাটারিচালিত রিকশা কিনেছিলেন সবদুল। ৬ ডিসেম্বর রাতে বাড়ি থেকে তাঁর সেই রিকশা চুরি হয়ে যায়। এতে সবদুল হোসেন পড়েন মহাবিপদে। ভেবে পাচ্ছিলেন না, কীভাবে এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধ করবেন ও সংসার চালাবেন। এ নিয়ে ৮ ডিসেম্বর প্রথম আলোয় ‘ঝিনাইদহের কালীগঞ্জ, রিকশাটি ছিল সবদুলের আয়ের একমাত্র অবলম্বন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
সবদুলের করুণ কাহিনি নিয়ে করা ওই প্রতিবেদন দেখে যুক্তরাজ্যপ্রবাসী চৌধুরী কামাল ও তাঁর স্ত্রী তানিয়া ইসলাম মুঠোফোনে সবদুল হোসেনের সঙ্গে কথা বলেন। তাঁরা সবদুলকে একটি রিকশা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে তাঁদের পাঠানো টাকায় একটি রিকশা কেনা হয়। বুধবার ওই রিকশা সবদুলের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় ইউএনও সাদিয়া জেরিন ছাড়াও উপস্থিত ছিলেন শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার, সমাজকর্মী শিবুপদ বিশ্বাস, সাংবাদিক জামির হোসেন, এনামুল হক সিদ্দিক, বাবুল আক্তার, রবিউল ইসলাম, স্থানীয় পৌরসভার কাউন্সিলর রাশেদুল হাসান, চাপালী গ্রামের হৃদয় হাসান, মেহেদী হাসান ও আবির হাসান।
সবদুল হোসেনের ঋণ পরিশোধ করার জন্য অপর একজন তাঁকে ৩০ হাজার টাকা দিয়েছেন। এ টাকা দিয়ে তাঁর রিকশা রাখার জন্য একটি ঘর নির্মাণের পাশাপাশি ঋণের কিছু অংশ পরিশোধ করা হবে।
সবদুল নতুন রিকশা পেয়ে খুব খুশি। তিনি বলেন, এই রিকশা না পেলে তাঁকে পথে বসতে হতো। এখন রিকশা চালিয়ে বাকি ঋণ পরিশোধের পাশাপাশি ভালোভাবে সংসারটি চালাতে পারবেন বলে জানান।
ইউএনও সাদিয়া জেরিন বলেন, সংবাদপত্র এভাবে মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাবে, এটা সবাই প্রত্যাশা করে। তিনি রিকশাচালক সবদুল হোসেনকে রিকশা চালিয়ে সুন্দরভাবে সংসার চালানোর আহ্বান জানান।