>করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবার জীবনের বাস্তবতা। আমরা এখানে শুনছি পাঠকের দৈনন্দিন অভিজ্ঞতার কথা। তাঁরা লিখছেন পরিবারের আনন্দ-বেদনাভরা গল্প। শোনাচ্ছেন এ সময়ের কোনো মানবিক সাফল্যের কাহিনি। প্রথম আলো মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছে পাঠকের গল্প। দেশ বা প্রবাস থেকে আপনিও লিখুন আপনার অভিজ্ঞতার কথা। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
ঘরবন্দী দিনযাপন যত বেশি দীর্ঘায়িত হচ্ছে, নানান চিন্তার গভীরতা ততই ডালপালা মেলছে। শুরুতে এই ‘বন্দিত্ব’ অবস্থা যতটা সহজ মনে হয়েছিল, সময় যত গড়াচ্ছে, ততই মনে হচ্ছে সহজ কিছু সহজ নয় আসলে।
আমাদের বৈচিত্রহ্যীন নয়টা-পাঁচটা জীবন, প্রাত্যহিক যানজট, জীবিকার প্রয়োজনে উত্তর-দক্ষিণে ছুটে বেড়ানো আর কর্মক্লান্ত দিন শেষে ঘরে ফেরা মূলত এই ছিল কোভিড-১৯ শুরুর আগে পরিচিত নগরীতে আমাদের দিনলিপি।
অনেক ভোরে ঘুম থেকে উঠতে হতো। শীতের দিন হলে চারদিক অন্ধকারই থাকত। বাচ্চাকে স্কুলবাসে তুলে দিয়ে ব্লু টুথে রবীন্দ্রনাথের গান চালিয়ে আবার শুরু হতো সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার পালা। প্রতি সপ্তাহে অধীর আগ্রহে বৃহস্পতিবারের অপেক্ষায় থাকতাম। বৃহস্পতিবার বিকেল মানেই যেন পুনরায় জীবনের মানে খুঁজে পাওয়া। অফিস থেকে বের হয়ে অনেকটা পথ হেঁটে ফিরতাম। হাঁটতে হাঁটতে একটা বড় মাঠ পেরোতাম। মাঠের কিছুটা দূরে ঘাসফড়িংদের ওড়াউড়ি চলত, ছেলেরা ব্যস্ত থাকত ক্রিকেট খেলায়। মাঠের কোনায় কৃষ্ণচূড়াগাছে ফুল ফুটত। কোনো এক সময় গাছটা পুরোপুরি লাল রঙে ছেয়ে যেত। প্রতিবছর এই সময়টার অপেক্ষায় থাকতাম। কবে সেই লালরঙা দিনটি আসবে। কেন জানি মনে হতো, প্রতিবছরই গাছটার ফুলগুলো একটু একটু করে বেশি লাল হয়। তারপর আসত ফুলঝরার দিন। দূর থেকে দেখে মনে হতো নিচের ঘাসের ওপর লাল রঙের কার্পেট পেতে রেখেছে কেউ। এ বছরের ঘরবন্দী জীবনে এখনো দেখা মেলেনি গাছটির। সহকর্মীদের মুখ, ছুটির পর পরিচিত পথ ধরে বাড়ি ফেরা, পথের পাশে মাঠ, মাঠের পাশে ফুচকাওয়ালা সবাইকে মিস করি আজ এই করোনা–দিনে।
একটি একক পরিবারে সন্তান লালন-পালন করে দুজন মিলে চাকরি করার সব রকম যুদ্ধ ও বাধাবিপত্তি অতিক্রম করেই আমরা আরেকটি নতুন কর্মমুখর সকালের অপেক্ষায় থাকতাম। দিন শেষে যখন ছেলেকে ডে-কেয়ার থেকে নিয়ে রিকশায় ফিরতাম, আমাদের রাস্তা শেষ হয়ে যেত কিন্তু মা-ছেলের সারা দিনে জমে থাকা গল্পরা শেষ হতো না। পথের পাশে হলুদ রঙের ঝুলে থাকা অদ্ভুত সুন্দর ফুলগুলোর নাম যে ‘সোনালু’ সেগুলো একটু একটু করে আমরা দেখতাম আর চিনতে শিখতাম। আমরা সবুজ ঘাসফড়িঙের কথা বলতাম। কারেন্টের তারে চড়ুই পাখিদের বসে থাকতে দেখে একদিন ক্লাস টুতে পড়া ছেলেটা (গত বছর সে টুতে পড়ত) বলল, ‘মা চড়ুইয়ের ল্যাটিন নাম যে Passer domesticus, এটা কি তুমি জানো? মামা বলেছে।’ না, আমি জানতাম না এই তথ্য। আমাদের মধ্যে বিতর্ক হতো, অফিস করা ভালো, না স্কুলের ক্লাস বেশি মজার? কাজ শেষে প্রাত্যহিক সেই ঘরে ফেরা দিনগুলোকে মিস করি খুব।
অফিসে কর্মমুখর দিনের ফাঁকে বারদুয়েক চায়ের আড্ডা চলত সহকর্মীদের সঙ্গে। নানান আলোচনা, কর্মপরিকল্পনা, ব্যক্তিগত সুখ-দুঃখ, চাওয়া, না-পাওয়া কত কিছু যে হতো। অনেক সময় দেখা গেছে, আমাদের চা শেষ হয়ে গেছে, কিন্তু কথা শেষ হয়নি। যেন–বা ‘কথার ওপর কেবল কথা...’। এমনই কর্মব্যস্ততার মধ্যে বন্ধুদের হঠাৎ ফোন আসত কখনো, ‘আজ কিন্তু কফি ওয়ার্ল্ডে বসতে হবে’। তারপরের কয়েক ঘণ্টা আমরা আর ঘড়ির দিকে তাকাতাম না। সময়গুলো কি দ্রুত ফুরিয়ে যেত!
জানি ‘অদ্ভুত এক আঁধার এসেছে পৃথিবীতে’ আজ। কেউ জানে না কবে মিলবে মুক্তি। কিন্তু আমরা অধীর আগ্রহে সবাই ফিরতে চাই আমাদের পুরোনো জীবনে। যে জীবনে আমরা অকারণে হেসে উঠব, রাস্তায় যেতে যেতে কাছের মানুষদের হঠাৎ দেখে দৌড়ে গিয়ে হাত ধরে বলব, কত দিন দেখা হয়নি! পথের পাশে পরিচিত চটপটিওয়ালা আমাদের দেখে হেসে উঠে বলবে, ‘আপা, কত দিন পর এলেন!’ মোবাইলের স্ক্রিনে বন্ধুর নাম ভেসে উঠবে সপ্তাহান্তে ক্যাফেতে বসার আহ্বান নিয়ে। রিকশায় যেতে যেতে খোলা অথচ বদলে যাওয়া আকাশের রং আর পাখিদের ওড়াউড়ি দেখতে দেখতে আমরা আবার ভাবব, ‘আমারে তুমি অশেষ করেছ, এমনই বীণা তব...’।
লেখক: একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত। আদাবর, ঢাকা