নতুন সেতুতে টোলের নামে টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলায় বংশী নদীর ওপর নবনির্মিত সেতু ব্যবহারকারীদের কাছ থেকে টোলের নামে অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি খেয়াঘাট ইজারা নেওয়ার কথা বলে এ টাকা আদায় করছেন।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ধামরাইয়ের সুতিপাড়া-রোয়াইল-ফোর্ডনগর-সাভার সংযোগ সড়কের বংশী নদীর ওপর ২৫৮ মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৩ সালে। সম্প্রতি মূল সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণের কাজও প্রায় শেষ। এ অবস্থায় প্রায় দেড় মাস ধরে জনসাধারণ সেতুর ওপর দিয়ে চলাচল করছেন।
গত শনিবার সেতুর পশ্চিম প্রান্তে ধামরাইয়ের ফোর্ডনগর এলাকায় গিয়ে দেখা যায়, একটি টংঘরে (কথিত টোল প্লাজা) বসে কয়েকজন লোক পথচারী ও যানবাহনের চালকদের কাছ থেকে ‘টোল’ আদায় করছেন। সাভার পৌর এলাকার আবদুস সালাম নামের এক ব্যক্তি হেঁটে সেতু পার হয়ে পশ্চিম প্রান্তে আসেন। এ জন্য তাঁর কাছে তিন টাকা ‘টোল’ দাবি করা হয়। এ নিয়ে ‘টোল’ আদায়ে যুক্ত হারুন মিয়ার সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হারুন অশোভন আচরণ করে সালামকে কথিত ইজারাদার নূরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এ সময় মোটরসাইকেল নিয়ে কথিত ‘টোল প্লাজা’র সামনে উপস্থিত হন সাভারের ফুলবাড়িয়ার সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী। তাঁর কাছে ১০ টাকা ‘টোল’ দাবি করা হয়। অপারগতা প্রকাশ করলে তাঁর সঙ্গেও অশোভন আচরণ করা হয়। শেষমেশ সাইফুল ১০ টাকা দিয়ে সেতু পার হতে বাধ্য হন।
সাইফুল, সালামসহ বেশ কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, সেতু পার হলে প্রত্যেকের কাছ থেকে ৩ টাকা, বাইসাইকেল ৪ টাকা, মোটরসাইকেল ১০ টাকা, রিকশা ও রিকশাভ্যান ২০ টাকা, পণ্যবাহী যানবাহন ও রিকশাভ্যানে পণ্যের ওজনের ওপর ভিত্তি করে ‘টোল’ আদায় করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে হারুন মিয়া বলেন, ফোর্ডনগর এলাকার জনৈক নূরুল ইসলাম ও তোফাজ্জল ফকিরের কাছ থেকে তিনিসহ আরও পাঁচজন এক বছরের জন্য ৪৮ লাখ টাকায় ফোর্ডনগর খেয়াঘাট মৌখিকভাবে ইজারা নিয়েছিলেন। শর্ত অনুযায়ী ৩০ জুন ইজারার মেয়াদ শেষ হবে। কিন্তু মাস দেড়েক আগে সেতুর মূল অংশের কাজ শেষ হয়। এরপর জনসাধারণ সেতু ব্যবহার শুরু করলে খেয়া বন্ধ হয়ে যায়। এ কারণে তাঁরা সেতু ব্যবহারকারীদের কাছ থেকে ‘টোল’ আদায় করছেন। প্রতিদিন তাঁদের ১০ থেকে ১৫ হাজার টাকা আদায় হয়।
হারুন মিয়ার কাছে খেয়া পারাপারের তালিকা ও ইজারাসংক্রান্ত কাগজপত্র আছে কি না জানতে চাইলে নূরুল ইসলামের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
যোগাযোগ করা হলে নূরুল ইসলাম বলেন, জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ধামরাইয়ের রোয়াইলের মাহবুবুর রহমান ওরফে মনিরের কাছ থেকে তাঁরা দুজন ফোর্ডনগর খেয়াঘাট মৌখিকভাবে ইজারা নিয়েছিলেন। পরে তা হারুনসহ স্থানীয় ব্যক্তিদের কাছে বিক্রি করে দেন। ইজারা বাবদ তাঁরা মনিরকে প্রতিদিন ১০ হাজার টাকা করে দেন। তবে এ জন্য মনির তাঁদের কোনো কাগজপত্র দেননি। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও মনিরের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা বলেন, ‘আদৌ ফোর্ডনগর খেয়াঘাট ইজারা দেওয়া হয়েছে কি না, আর দেওয়া হয়ে থাকলে মনিরকে দেওয়া হয়েছে কি না, তা আমার জানা নেই। আর খেয়াঘাট ইজারা দেওয়া হয়ে থাকলেও এর সঙ্গে সেতুর কোনো সংশ্লিষ্টতা নেই।’
উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন বলেন, সেতুর উভয় পাশের সংযোগ সড়ক নির্মাণের কাজ শেষ হলে খুব শিগগির সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। টোল আদায়ের জন্য সেতু ইজারা দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শরিফুল ইসলাম বলেন, সেতু ব্যবহারকারীদের কাছ থেকে টোলের নামে কেউ অবৈধভাবে টাকা আদায় করে থাকলে খোঁজখবর নিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।