নতুন স্বপ্নে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় বগুড়ায় বর্ষবরণ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। আজ বৃহস্পতিবার বগুড়া শহরের নওয়াববাড়ী সড়কে
ছবি: প্রথম আলো

করোনা অতিমারির কারণে দীর্ঘ দুই বছর পর পয়লা বৈশাখ বর্ষবরণ উৎসবে মেতেছে বগুড়াবাসী। অশুভ, হতাশা আর পুরোনো গ্লানি  পেছনে ফেলে সত্য ও সুন্দরের পথে নতুন স্বপ্নে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় মঙ্গলবারতা ছড়িয়ে ১৪২৯ সনের বাংলা বর্ষবরণে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

বৃহস্পতিবার সকালে বগুড়া জেলা প্রশাসন চত্বর থেকে বের হওয়া  শোভাযাত্রা শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ খোকন পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়।
মঙ্গল শোভাযাত্রায় জেলা প্রশাসক মো. জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান ছাড়াও সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশ নেন। পরে শহীদ খোকন পার্কে বর্ষবরণ অনুষ্ঠান হয়।

সকাল ১০টায় সাতমাথায় চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও শিশু-কিশোর মেলা বগুড়া জেলা শাখার আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসব অনুষ্ঠানে অশুভ শক্তি,  মৌলবাদী গোষ্ঠীকে প্রতিহত করে দেশকে আলোর পথে নেওয়ার অঙ্গীকার করা হয়।

পয়লা বৈশাখে বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ উৎসব, লাঠিখেলা, সাপের খেলাসহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন পুলিশ সদর দপ্তরের এআইজি (অপরাধ-পশ্চিম) ও বগুড়ার পুলিশ সুপারের স্ত্রী সুনন্দা রায়। এতে  প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলমের   সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, আবদুর রশিদ, মোতাহার হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ইয়াছমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুনন্দা রায় বলেন, ‘বাঙালি ঐতিহ্যকে ধরে রেখে ভবিষ্যতের পথে হেঁটে যাচ্ছে বাংলাদেশ। ইতিহাস–ঐতিহ্যের সঙ্গে বাঙালির সংস্কৃতি সম্পর্ক জড়িয়ে আছে। পয়লা বৈশাখই বলে দেয়, বাংলাদেশ সাম্প্রদায়িক রাষ্ট্র নয়।’

পরে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শেষে সাপখেলা ও লাঠিখেলা ছাড়াও সাংস্কৃতিক উৎসব হয়।  

বর্ষবরণ উপলক্ষে শহীদ খোকন পার্কে বৃহস্পতিবার থেকে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।