ইউপি নির্বাচন
নতুনে ভরসা আওয়ামী লীগের
পঞ্চগড়ের তেঁতুলিয়ার সাত ইউনিয়নের সবগুলোতেই নতুনদের সুযোগ হয়েছে।
পাবনার সুজানগরে আবেদন জমা হয় ৬৮টি। বাছাইকৃতদের মধ্যে তিনজন নতুন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এবার নতুনদের ওপর ভরসা রেখেছে আওয়ামী লীগ। পঞ্চগড়ের তেঁতুলিয়া, নওগাঁর রানীনগর ও বগুড়ার শেরপুর উপজেলার বেশির ভাগ ইউনিয়নে নতুনেরা মনোনয়ন পেয়েছেন। তবে রেকর্ডসংখ্যক আবেদন পড়া পাবনার সুজানগরের ১০ ইউনিয়নের সাতটিতেই বর্তমান চেয়ারম্যানদের ওপর ভরসা রেখেছে দলটি। লালমনিরহাটের আদিতমারী উপজেলার আট ইউপির মধ্যে তিনটিতে নতুনেরা মনোনয়ন পেয়েছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় আওয়ামী লীগ ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাত ইউনিয়নের সবগুলোতেই নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। একইভাবে নওগাঁর রানীনগরের আট ইউনিয়নে নতুনেরা মনোনয়ন পেয়েছেন। বগুড়ার শেরপুরে নতুনেরা মনোনয়ন পেয়েছেন ৯ ইউনিয়নের মধ্যে ৫টিতে।
গত বৃহস্পতিবার কেন্দ্রীয় আওয়ামী লীগ ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়।
তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, তীরনইহাটে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিয়েল ইসলাম, সদরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ করিম সিদ্দিকী, শালবাহানে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম, বুড়াবুড়িতে উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ শেখ কামাল, ভজনপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও দেবনগরে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু কালাম আজাদ।
নওগাঁর রানীনগরের খট্টেশ্বর রানীনগরে চন্দনা শারমিন, কাশিমপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, গোনায় ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আবদুল খালেক, পারইলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে আলম সিদ্দিকী, বড়গাছায় আবদুল মতিন, কালীগ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র সরকার, একডালায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী এবং মিরাটে জিয়াউর রহমান মনোনয়ন পেয়েছেন।
বগুড়ার শেরপুরে নতুনদের মধ্যে মনোনয়ন পেয়েছেন কুসুম্বিতে জুলফিকার আলী, খামারকান্দিতে আবদুল মোমিন, খানপুরে পরিমল দত্ত, সুঘাটে মনিরুজ্জামান জিন্নাহ ও শাহবন্দেগীতে আবু তালেব আকন্দ। সীমাবাড়ি, ভবানীপুর ও মির্জাপুরে বর্তমান চেয়ারম্যানরাই মনোনয়ন পেয়েছেন। বিশালপুরে মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান শাজাহান আলী।
মনোনয়ন পেতে পাবনার সুজানগরের ১০ ইউপিতে আবেদন করেছিলেন ৬৮ জন। তাঁদের মধ্যে নতুনেরা হলেন মানিকহাটে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম, হাটখালীতে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আবদুর রউফ ও নাজিরগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার প্রামাণিক। বাকি সাত ইউপিতে বর্তমান চেয়ারম্যানরাই মনোনয়ন পেয়েছেন।
এ ছাড়া লালমনিরহাটের আদিতমারীতে আট ইউনিয়নের মধ্যে নতুন মনোনয়ন পেয়েছেন দুর্গাপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান, কমলাবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কান্তেশ্বর রায় ও ভাদাইয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত রায়। সাপ্টিবাড়ীতে সাবেক চেয়ারম্যান আবদুস সোহরাব ও বাকিগুলোতে বর্তমান চেয়ারম্যানরাই মনোনয়ন পেয়েছেন।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন প্রতিনিধি, লালমনিরহাট, পাবনা, পঞ্চগড়, বগুড়ার আদমদীঘি ও শেরপুর]