নদী উত্তাল, নৌ চলাচল বন্ধ ছিল এক ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় আজ বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এক ঘণ্টা ফেরিসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ ছিল। এর মধ্যে আবার চারটি ফেরি বিকল হয়ে পড়েছে। এতে উভয় ঘাটে শতাধিক যানবাহন আটকা পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, সকাল সাতটার পর থেকে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা ও যমুনা উত্তাল হয়ে ওঠে। বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। দুর্ঘটনার আশঙ্কায় সাড়ে সাতটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে লঞ্চ চলাচলও বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় এই নৌপথে চালু থাকা ১২টি ফেরির মধ্যে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে পাঁচটি এবং বাকি ফেরিগুলো মানিকগঞ্জের পাটুরিয়া ও মাঝনদীতে আটকা পড়ে। সকাল সাড়ে আটটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। কিন্তু চারটি ফেরি বিকল থাকায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ফলে উভয় ঘাটে কয়েক শ গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, এক ঘণ্টার মতো নৌযান চলাচল বন্ধের পর ফেরি চলাচল শুরু হয়েছে। এ ছাড়া চারটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল থাকায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এ কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে গাড়ি আটকা পড়েছে।