নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের শপথ চত্বর ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মেঘনা নদীপাড়ের বড় স্টেশন মাদ্রাসা রোডের টিলাবাড়ি, ইব্রাহিমপুর ও ইশানবালায় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া ভিটেমাটিহারা মানুষ এ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিচারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বালু তুলে চাঁদপুরের ক্ষতি করছেন। এর মাধ্যমে হাজার হাজার মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। বালু উত্তোলনের কারণে সদর উপজেলার রাজরাজেশ্বরের আটটি ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ ছাড়া চাঁদপুরের নদীপাড়ের বিভিন্ন এলাকার মানুষের ঘরবাড়ি নদীতে তলিয়ে যাচ্ছে। তাঁরা নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবি জানান।