নদী সাঁতরে বাংলাদেশে ফিরতে প্রাণ যায় ভাইবোনের, লাশ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের ধাওয়ায় নদীতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মরদেহ দুই দিন পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে কাশীপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়।

এর আগে গত রোববার বেলা দেড়টার দিকে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্তে ভারতের নীলকমল নদী থেকে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে বিএসএফ ও সাহেবগঞ্জ থানা-পুলিশ। গত শুক্রবার রাতে ভারতীয় কয়েকজন দালালের মাধ্যমে অবৈধভাবে ভারত থেকে নীলকমল নদী সাঁতরে মা–বাবার সঙ্গে বাংলাদেশে ফেরার চেষ্টা করে দুই শিশু পারভীনা খাতুন (৮) ও শাকিবুল হাসান (৪)।

সাঁতারের সময় মা ছামিনা বেগমের (৩০) হাত ফসকে হারিয়ে যায় দুই শিশু। তাদের বাবা রহিজ উদ্দিনের (৩৫) বাড়ী পার্শ্ববর্তী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের মধ্য সুখাতী গ্রামে।

নিহত শিশুর চাচা নেওয়াশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজিজুল জানান, তাঁর ভাই রহিজ উদ্দিন ১৫ বছর আগে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতের হরিয়ানা রাজ্যে যান। কাজ করেন একটি ইটভাটায়। সে দেশেই ওই দুই শিশুর জন্ম ও বেড়ে ওঠা।

রহিজ উদ্দিন বলেন, সর্বশেষ হরিয়ানা রাজ্যের সুলতানপুরের হাসিহেসা ইটভাটায় কাজ শেষে তাঁরা গত শুক্রবার বাড়ি ফিরছিলেন। তাঁদের কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় দেশে ফিরতে তাঁরা দালালদের সঙ্গে ২২ হাজার রুপি চুক্তি করেন। কিন্তু দালালেরা তাঁদের কাছে ৪০ হাজার রুপি নেন।

রহিজ উদ্দিন বলেন, গত শুক্রবার রাতে ভারতীয় দালাল সিরাজুল ইসলাম, নয়ন, ময়না মিয়াসহ আরও কয়েকজন তাঁদের ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-১ সীমান্তে এনে অন্য আরও ২০-২৫ জন নারী, পুরুষ ও শিশুর সঙ্গে একটি বাড়িতে রাখে। রাত সাড়ে ৯টার দিকে দালালেরা কাঁটাতারের বেড়া কেটে তাঁদের নীলকমল নদীর পাড়ে এনে নোম্যানসল্যান্ডে দাঁড় করিয়ে রাখে। পরে নদী সাঁতরে দেশে ফিরতে বলেন। এ সময় তাঁদের কথাবার্তার শব্দ শুনে ভারতীয় সেউটি-১ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা টর্চলাইট জ্বালিয়ে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে দুই সন্তনকে নিয়ে নদীতে লাফিয়ে পড়েন তাঁরা। ভয়ে অন্ধকারে তীব্র স্রোতের টানে ঠিকমতো সাঁতরাতে পারছিলেন না। ভেসে যাচ্ছিলেন ভাটিতে। একসময় স্ত্রী ছামিনার হাত ফসকে স্রোতের টানে পানিতে ডুবে যায় তাঁদের দুই সন্তান। অনেক খুঁজেও তাঁদের উদ্ধার করতে পারেননি।

গত রোববার নদীতে ভেসে উঠে দুই শিশুর মরদেহ। লাশ দুটি উদ্ধার করে ১৯২ ব্যাটালিয়ন সেউটি-১ ক্যাম্পের বিএসএফ ও সাহেবগঞ্জ থানা–পুলিশ। এদিন শিশু দুটির পক্ষে কেউ বাংলাদেশি কোনো প্রমাণপত্র দেখাতে না পারায় তাঁরা মরদেহ দুটি নিয়ে যায়। পরে ওইদিন মৃত সন্তানের লাশ ফেরত চেয়ে লালমনিহাট ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার বরাবর মানবিক আবেদন করেন শিশুদের বাবা রহিজ উদ্দিন।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে জনৈক নারায়ণ চন্দ্র বর্মনের বাড়িতে বিএসএফ-বিজিবি বৈঠক শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে বিএসএফ।

লালমনিহাট–১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদ উদ্দিন শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। রহিজ উদ্দিনের মামা সাইফুর জানান, রাতেই শিশু দুটির লাশ দাফন করা হয়েছে।