নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ ভেসে উঠল ৬৮ ঘণ্টা পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

পটুয়াখালীতে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ ৬৮ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে তাঁর মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে তীরে নিয়ে আসেন। মৃত ইজাজুল ইসলাম (২২) ঢাকার দক্ষিণখান হলান ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পল্লা গ্রামে। পটুয়াখালীতে বেড়াতে গিয়েছিলেন তিনি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ইজাজুল ইসলাম তাঁর দুই বন্ধু ইব্রাহিম খলিল (২২) ও এনামুল হকের (২২) সঙ্গে পটুয়াখালীতে বেড়াতে আসেন। ইব্রাহিম ও এনামুলের বাড়ি পটুয়াখালীর বাদুরা ও আউলিয়াপুর গ্রামে। বেলা একটার দিকে তাঁরা তিনজন সেহাকাঠি নদীতে গোসল করতে নামেন। পানিতে নামার কিছুক্ষণ পরই ইজাজুল চোখের আড়াল হয়ে পড়েন। পরে ইব্রাহিম ও এনামুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন পানিতে নামেন। এর মধ্যে ইব্রাহিম ও এনামুলও অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করলেও নিখোঁজ ইজাজুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার কোস্টগার্ডও উদ্ধার অভিযানে অংশ নেয়। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে ইজাজুলের মরদেহ নদীতে ভেসে ওঠে।

পটুয়াখালী নদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রেজোয়ান বলেন, আজ সকালে সেহাকাঠি নদীতে ঘটনাস্থলের পাশেই ইজাজুলের মরদেহ ভেসে উঠেছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সকালে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।