নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের লাশ মিলল তিন দিন পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মধুমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের লাশ তিন দিন পর পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার গ্রিসনগর এলাকায় মধুমতী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া ওই যুবকের নাম বেল্লাল হোসেন (২৬)। তিনি মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের ইউনুস মোল্লার ছেলে। তিনি কার্গো জাহাজ ও ট্রলারের সিমেন্ট খালাসের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে উপজেলার মোল্লাহাট পুরোনো ফেরিঘাট এলাকায় মধুমতী নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজ থেকে সিমেন্ট খালাস শেষে গোসল করতে নেমে নিখোঁজ হন বেল্লাল হোসেন। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। তিন দিন পর আজ তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ নিখোঁজ ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে। পরে স্বজনেরা এসে বেল্লালের লাশ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।