নদীতে চলন্ত লঞ্চে ফের ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলন্ত লঞ্চে ডাকাতির সময় এক ডাকাতকে আটক করেছেন যাত্রীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়
আলম পলাশ

নদীতে যাত্রীবাহী চলন্ত লঞ্চে ফের ডাকাতি হয়েছে। শরীয়তপুর থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী একটি লঞ্চে আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে পদ্মা ও মেঘনার নৌ-সীমানার কাঁচিকাটা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

এ ছাড়া এক মাসের মধ্যে মতলব উত্তর উপজেলা ও মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় মেঘনা নদীতে লঞ্চে দুটি ডাকাতির ঘটনা ঘটেছে।

ওই লঞ্চের যাত্রী ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় শ যাত্রী নিয়ে এমভি শাহ আলী-৪ নামের একটি লঞ্চ শরীয়তপুর থেকে চাঁদপুরের দিকে আসছিল। পদ্মা ও মেঘনার নৌ-সীমানার কাঁচিকাটা এলাকায় ডাকাত দল স্পিডবোট নিয়ে লঞ্চে হানা দেয়। ডাকাতেরা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে। তাদের হামলায় বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। লুট শেষে ডাকাতেরা সটকে পড়ার সময় বিল্লাল হোসেন (৩৫) নামের এক ডাকাত লঞ্চে আটকা পড়ে যায়। পরে যাত্রীরা তাকে আটক করেন।

ওই লঞ্চের যাত্রী কোহিনুর বেগম বলেন, লঞ্চে করে তিনি তাঁর মেয়েসহ চাঁদপুর আসছিলেন। কিন্তু ডাকাতেরা ধারালো অস্ত্রের মুখে তাঁদের নগদ ৫ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও দুই জোড়া কানের দুল নিয়ে যায়। এভাবে অন্য যাত্রীদের কাছ থেকেও জিনিসপত্র লুট করেছে ডাকাতেরা।

চাঁদপুরের নৌ-পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ওই লঞ্চে যাত্রী হিসেবে ছিলেন নৌ-পুলিশ কর্মকর্তা এসআই জয়নাল আবেদিন। তিনি হাতেনাতে ডাকাত বিল্লাল হোসেন আটক করেছেন। অন্য ডাকাতদের আটকের চেষ্টা করা হচ্ছে।