নদীতে চলে গেল রাস্তা,১৮ গ্রামের দুর্ভোগ

গত বছরের বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। সড়ক দিয়ে রিকশা-ভ্যান, ট্রাক-ট্রলি, মাইক্রোবাস চলাচল বন্ধ রয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার বরাতি বাজার থেকে কালারঘাট সড়কের ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে ২০ হাজার মানুষ
প্রথম আলো

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতি বাজার থেকে হাড়িয়ারকুঠি ইউনিয়নের কালারঘাট পর্যন্ত কাঁচা রাস্তাটি প্রায় আট কিলোমিটার দীর্ঘ। ১৮টি গ্রামের মানুষ এ রাস্তা দিয়ে উপজেলা সদরে যাতায়াত করে। ৭ মাস আগে রাস্তাটির ১০০ মিটার যমুনেশ্বরী নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে ওই ১৮ গ্রামের ২০ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, রাস্তার ভাঙা অংশে লোকজন চাঁদা তুলে বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো তৈরি করেছেন। পায়ে হেঁটে লোকজন ওই সাঁকো পার হয়ে চলাচল করছে। তবে সড়ক দিয়ে রিকশা-ভ্যান, ট্রাক-ট্রলি, মাইক্রোবাস চলাচল বন্ধ রয়েছে।

জনপ্রতিনিধি ও স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরাতি বাজার থেকে কালারঘাট সড়কটি দিয়ে দুই ইউনিয়নের নারায়ণজন, পালপাড়া, তাঁতীপাড়া, জুম্মাপাড়া, ঘাটিয়ালপাড়া, বাইরাকুঠি, কালারঘাট, উজিয়াল, বরাতি, বানীয়াপাড়া, শেখপাড়া, শাহপাড়া, কাংলাচড়া, চারআনী, দোলাপাড়া, বুড়িরহাট, চিলাপাক, চাকলা গ্রামের লোকজন চলাচল করে। গত বছরের বন্যায় সড়কটির ঘাটিয়ালের মোড়ে ১০০ মিটার অংশ যমুনেশ্বরী নদীতে বিলীন হয়ে গেছে। ফলে গ্রাম থেকে গাড়িতে করে সরাসরি কৃষকেরা ফসল নিয়ে যেতে পারছেন না। তাঁদের এখন অতিরিক্ত দুই কিলোমিটার পথ ঘুরে সদরে যেতে হচ্ছে।

উজিয়াল গ্রামের কৃষক একরামুল হক বলেন, ‘সাত মাস থাকি রাস্তাটা ভাঙি পড়ি আছে। তাও কায়ও ঠিক করোছে না। রাস্তাকোনা ঠিক করা খুবই দরকার। একোনা ঠিক হইলে হামার কষ্ট কমবে। ধান, পাট গাড়িত তুলি শহরোত বেচপার পামো। ছাওয়া-ছোট ভ্যানোত উঠি স্কুল কলেজ যাবার পাইবে।’

চারআনী গ্রামের আরেক কৃষক মকবুল হোসেন বলেন, রাস্তা ঠিক না করায় তাঁদের লোকসান হচ্ছে। তাঁরা ফসল নিয়ে যেতে পারছেন না। বিয়েশাদির অনুষ্ঠানেও গাড়ি আসে না।

কাশিয়াবাড়ী বাজারের ধান ব্যবসায়ী আবদুর রহিম বলেন, সরকারের লোকজন এসে ভাঙা রাস্তা দেখে গেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।

হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, রাস্তা ভেঙে যাওয়ায় হালকা ও ভারী যানবাহন চলাচল বন্ধ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, তাঁরা সমস্যা সমাধান করতে ব্যবস্থা নিচ্ছেন।