নদীতে ডুবে যাওয়া কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

নওগাঁর বদলগাছিতে ছোট যমুনা নদী থেকে শাহী সরদার (১৮) নামের এক  কলেজছাত্রের লাশ উদ্ধার হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটায় বদলগাছি উপজেলা শহরের কফি হাউস এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। এর আগে বেলা দেড়টায় নদীর ওই স্থানে গোসল করতে নেমে তলিয়ে যান তিনি।

শাহী সরদার বদলগাছি সদর উপজেলার সরদারপাড়া গ্রামের বাবুল সরদারের ছেলে। তিনি ঢাকার মুন্সি আবদুর রউফ কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহী সরদার ও তাঁর দুই বন্ধুর সঙ্গে শনিবার দুপুরে উপজেলা শহরের কফি হাউস এলাকায় ফাঁকা মাঠে ফুটবল খেলছিলেন। খেলা শেষে তাঁরা তিন বন্ধু নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তাঁরা সাঁতারে নদী পার হচ্ছিলেন। এ সময় নদীর মাঝপথে গিয়ে শাহী ‘ডুবে যাচ্ছি’ বলে চিৎকার করতে থাকেন। অপর দুই বন্ধু দ্রুত নদীর পাড়ে উঠে একটি বাঁশ আনেন। সেটি ধরতে দিলেও শাহী তা ধরতে পারেননি। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে আর শাহীকে খুঁজে পাননি।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা সন্ধ্যা সাতটায় নদী থেকে লাশটি উদ্ধার করেন।