নদীতে নিখোঁজ চীনা প্রকৌশলীর চার দিনেও সন্ধান মেলেনি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে নিখোঁজ চীনা প্রকৌশলীর চার দিনেও সন্ধান মেলেনি। নিখোঁজ চীনা প্রকৌশলী ঝাওয়ের (২৬) সন্ধানে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিইসি। বিষয়টি নিশ্চিত করেছে মাওয়া নৌ পুলিশ।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সিরাজুল কবির বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে প্রকৌশলী ঝাওয়ের খোঁজ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পদ্মা নদীর ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ইতিমধ্যে খোঁজা হয়েছে। এমনকি নদীর পার্শ্ববর্তী সব থানায় এ বিষয়ে তথ্য পাঠানো হয়েছে। তাঁকে উদ্ধারে সেনাবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা পদ্মায় তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
সিরাজুল কবির আরও বলেন, নিখোঁজ প্রকৌশলীকে যে বা যাঁরা সন্ধান দিয়ে খুঁজে পেতে সহযোগী করবেন, তাঁদের জন্য দুই লাখ টাকা পুরস্কারের ঘোষণা রয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পদ্মা সেতুর ১৩ নম্বর খুঁটির কাছাকাছি মাঝপদ্মায় সেতু প্রকল্পের নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটিতে কাজ করছিলেন ঝাও। একপর্যায়ে নদীতে পড়ে নিখোঁজ হন প্রকৌশলী ঝাও। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মিলছে না।