নদীতে পড়ে নিখোঁজের ২২ ঘণ্টা পর মিলল শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর ৯ বছর বয়সী শিশু শ্রাবণীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে জালে লাশটি উঠে আসে।

শ্রাবণী বোয়ালমারী পৌরসভার চতুল মহল্লার পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবু গাজীর ছোট মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুনবহা চরপাড়া খালার বাড়ি যাওয়ার পথে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চিতাঘাটা বারাশিয়া নদীর বাঁশের সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় শ্রবণী। এরপর খোঁজাখুঁজি করেও তার হদিস পাওয়া যাচ্ছিল না। ঘটনাস্থলের পাশে মাছ ধরার বড় ফাঁসের জাল পাতা ছিল। আজ সকাল সাড়ে আটটার দিকে সেই জাল টান দিলে শিশুটির লাশ উঠে আসে।

বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনমাস্টার আবদুস সত্তার বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করতে পারেনি। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। নদীতে প্রচুর স্রোত, ঘোলা পানি ও নদীর তলদেশ আগাছা পরিপূর্ণ থাকায় উদ্ধার কাজ ঠিকমতো পরিচালনা করা যায়নি।

বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রুহুল আমিন মৃধা বলেন, নিখোঁজ শ্রাবণীর লাশ পাওয়ার পর এক বেদনাবিধুর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।