নদীতে ভেসে এল বিএসএফের হাতে আটক জেলের লাশ
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড়ের শিংরোড সীমান্তে গত বৃহস্পতিবার বাংলাদেশি এক জেলেকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। গতকাল শুক্রবার একটি নদী দিয়ে ভারত থেকে তাঁর লাশ ভেসে আসে। বিএসএফ তাঁকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয় বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া গ্রামের আক্তারুল ইসলাম (৩০) শিংরোড সীমান্তের কাছে খালে মাছ ধরতে যান। ভারতের সাঁকাতি বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। খবর পেয়ে বিজিবি আক্তারুলকে ফেরত চেয়ে চিঠি দিলে কোনো বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে বিএসএফ। গতকাল দুপুরে ভারত থেকে বয়ে আসা ছোট যমুনা নদী দিয়ে তাঁর লাশ ভেসে আসে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠায়। পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে আমরা সীমান্তের কাছে খেতে কাজ করছিলাম। এ সময় বিএসএফের একটি গাড়ি থেকে কি যেন নদীতে ফেলা হয়। একটু পর সেখান থেকে আক্তারুলের লাশ বাংলাদেশে ভেসে আসে।’
নিহত ব্যক্তির ছোট ভাই আনারুল ইসলাম অভিযোগ করেন, ‘আমার ভাইকে বিএসএফ নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।’
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে। বিষয়টি ওপর মহলে জানিয়েছি।’