নদীতে যুবকের লাশ, শোবার ঘরে মিলল ‘সুইসাইড নোট’
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নদীতে পাওয়া গেছে এক যুবকের লাশ। আর তাঁর শোবার ঘরে মিলেছে ‘সুইসাইড নোট’। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল গ্রামের বড়াল নদীর শাখা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশটি রুবেল হোসেন (৩০) নামের এক যুবকের। তিনি একই গ্রামের হানিফ আলীর ছেলে। স্নাতকোত্তর শেষ করে বেকার জীবন যাপন করায় হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের বরাত দিয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম বলেন, ২০১৯ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে মাস্টার্স পাস করেন রুবেল হোসেন। এরপর থেকে তিনি বাড়িতে বেকার জীবন যাপন করছিলেন। মানসিকভাবে অসুস্থও ছিলেন তিনি। গত বছরের জানুয়ারি থেকে তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন। আজ শোবার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা, ‘আমি নদীতে আড়ের পূর্বে মরতে যাচ্ছি পানিতে ডুবে।’
ওই যুবকের লাশে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানান বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম। তিনি বলেন, ফজরের নামাজের সময়ও তাঁর মা তাঁকে নামাজ আদায় করতে দেখেছেন। এসব থেকে তাঁদের ধারণা, ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে নিশ্চিত হওয়ার জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য চিরকুটসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
রুবেল হোসেনের বড় ভাই রাজেদুল ইসলাম বলেন, রুবেল প্রতিদিন ফজরের নামাজ পড়ে গরুকে খাবার দিত। আজ সকালে তার শয়নঘরের দরজা বাইরে থেকে লাগানো ছিল। সন্দেহ হলে ঘরে গিয়ে তিনি চিরকুট দেখতে পান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর তীরে গিয়ে গলায় ও কোমরে মাটিভর্তি বস্তা বাঁধা লাশের সন্ধান পান।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, এ ঘটনায় একজন জ্যেষ্ঠ কর্মকর্তার তত্ত্বাবধানে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।