নদীভাঙনে সড়ক বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীর ভাঙনে সড়ক বিলীন হয়ে গেছে। সম্প্রতি দশমিনা উপজেলার হাজীরহাট এলাকায়।
ছবি: প্রথম আলো

পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের হাজিরহাট এলাকায় প্রায় দেড় কিলোমিটার পাকা সড়ক ভাঙনের কবলে পড়েছে। এর মধ্যে ৩০০ মিটার পুরোপুরি বিলীন হয়ে গেছে।

তেঁতুলিয়া নদীর পাড়ের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ওপর নির্মাণ করা সড়কটি কয়েক বছর ধরেই ভাঙনের কবলে ছিল। মাসখানেক আগে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উঁচু জোয়ার ও জলোচ্ছ্বাসে সড়ক আরও বেহাল হয়েছে।

এদিকে দশমিনা ইউনিয়ন ও পাশের বাঁশবাড়িয়া ইউনিয়নের অন্তত আট গ্রামের মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। এখন তারা দুর্ভোগে পড়েছে। এসব গ্রামের লোকজনকে অন্তত তিন কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে সময় যেমন বেশি লাগছে, তেমন অর্থও বেশি ব্যয় হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দশমিনা উপজেলা কার্যালয় সূত্র জানায়, কোস্টাল ক্লাইমেট রেজিরিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের আওতায় সড়কটির নির্মাণকাজ শেষ হয় ২০১৮ সালের মার্চে। বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রোথ সেন্টার (জিসি) থেকে দশমিনা সদর ইউনিয়নের হাজিরহাট জিনি পর্যন্ত সাড়ে চার কিলোমিটার বিটুমিন কার্পেটিং সড়কটি নির্মাণ করা হয়। ব্যয় হয় ১০ কোটি টাকা।

এ কারণে তেঁতুলিয়া নদীভাঙনের কবলে পড়ে রাস্তা কাম বাঁধটি। হাজির হাট এলাকায় সড়কের দেড় কিলোমিটার ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। গত মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সড়কের অন্তত ৩০০ মিটার সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গত সোমবার হাজিরহাট এলাকায় গিয়ে দেখা যায়, সড়কটির কোথাও সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বেশ কয়েকটি স্থান ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

স্থানীয় বাসিন্দা সোবাহান সিপাই বলেন, এই বাঁধ তাঁদের ফসল ও জোয়ারের জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে আসছে। বাঁধের ওপর সড়ক নির্মাণ করা হলে চলাচলও সহজ হয়। তেঁতুলিয়া নদীর ভাঙনে সড়ক বিলীন হয়েছে। এখন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। অনেক ঘুরে তাঁদের হাজিরহাট ও উপজেলা সদরে যেতে হচ্ছে।

দশমিনা ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, তেঁতুলিয়া নদীতে প্রবল স্রোত। বেড়িবাঁধ নির্মাণের পর ভাঙনে বাঁধটির কাছাকাছি চলে আসে নদী। এ অবস্থায় প্রতিরক্ষা বাঁধ না দিয়েই বাঁধের ওপর সড়ক নির্মাণ করা হয়েছিল। বাঁধ ভেঙে যাওয়ায় ইউনিয়নের হাজিরহাট সড়ক দিয়ে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

গত বছর নদীভাঙন তীব্র হওয়ার পর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভেঙে যাওয়া বাঁধের এলাকার বিকল্প বাঁধ নির্মাণ শুরু করে। তবে বাঁধের ওপর সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ সম্পর্কে উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন বলেন, পাউবো ওই এলাকায় বিকল্প বাঁধ নির্মাণকাজ শেষ করলে এলজিইডি আবার ওই এলাকার সড়ক নির্মাণের উদ্যোগ নেবে।

পাউবোর পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী হালিম সালেহী বলেন, হাজিরহাট এলাকায় বাঁধটি ওপর এলজিইডি সড়ক নির্মাণসহ রক্ষণাবেক্ষণ করছে। বাঁধে ভাঙন দেখা দেওয়ায় গত বছরই বিকল্প বাঁধ নির্মাণ শুরু হয়। ইতিমধ্যে ওই এলাকায় ৪০০ মিটার নতুন বিকল্প বাঁধ নির্মিত হয়েছে। হাজিরহাট এলাকায় নতুন করে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।