নদীভাঙনে হুমকির মুখে বিদ্যালয় ভবন

বিদ্যালয় ভবন হুমকির মুখে পড়ায় প্রয়োজনীয় কিছু কাগজপত্র সরিয়ে রাখা হয়েছে। আসবাব রয়ে গেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মদনে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় যেকোনো সময় নদীভাঙনে বিলীন হয়ে যেতে পারে। উপজেলার তিয়শ্রী ইউনিয়নে সম্প্রতি
প্রথম আলো

নেত্রকোনার মদন উপজেলার বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে বিদ্যালয়ের শৌচাগার নদীতে বিলীন হয়ে গেছে। স্থানীয় ব্যক্তিরা বলছেন, জরুরি ভিত্তিতে নদীর তীরে কোনো প্রতিরক্ষাব্যবস্থা না নিলে বিদ্যালয়ের মূল ভবন দুটি রক্ষা করা যাবে না।

তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের সামনে ১৯৮৭ সালে ৫২ শতক জায়গায় বিদ্যালয়টি স্থাপিত হয়। স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে বর্তমানে ৪৫৫ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে মগড়া নদী। দুই যুগ ধরে নদীর পাড় ভাঙছে। ভাঙনে বিদ্যালয়ের আশপাশে অন্তত ১৫টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। বিলীন হয়েছে এর আশপাশে থাকা ফসলি জমি। এদিকে এক মাস আগে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে যায়। তখন ভাঙনে বিদ্যালয়ের শৌচাগারটি নদীগর্ভে বিলীন হয়। আপাতত ভাঙন বন্ধ আছে। তবে নদীর পানি সরে গেলে ভাঙন আরও তীব্র হবে।

বাগজান গ্রামের বাসিন্দা ও ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফয়েজ আহমেদ বলেন, জরুরি ভিত্তিতে নদীর তীরে কোনো প্রতিরক্ষা বাঁধ না দিলে ভবন আর রক্ষা করা যাবে না।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের দুটি ভবন রয়েছে ইংরেজি এল অক্ষরের আকৃতিতে। বর্তমানে আকাশি রঙের একতলা ভবনের একেবারে কাছাকাছি চলে এসেছে নদী। এলাকাবাসী বাঁশের বেড়া দিয়ে ভবনটি রক্ষা করার চেষ্টা করছেন। ভবনের ভেতরে রয়েছে বেঞ্চসহ অন্যান্য আসবাব। করোনাকালে বিদ্যালয় ছুটি থাকায় এগুলো সরানো যায়নি বলে জানা গেছে।

স্থানীয় আমিনুল ইসলাম বলেন, বাগজান গ্রামটি বড়। লোকসংখ্যা প্রায় দুই হাজার। শুধু বাগজান নয়, পাশের কুটুরিকোনা, পরশখিলা, পাহাড়পুরসহ চার গ্রামের শিশুরা এই বিদ্যালয়ে লেখাপড়া করে। আশপাশে আর কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। বিদ্যালয়টি রক্ষার জন্য তাঁরা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, নদীভাঙনে বিদ্যালয় ভবন হুমকির মুখে পড়ায় প্রয়োজনীয় কিছু কাগজপত্র সরিয়ে রাখা হয়েছে। তবে আসবাব রয়ে গেছে। বিদ্যালয়টি রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনিছুর রহমান বলেন, বিদ্যালয়ের ভবন দুটি রক্ষার জন্য প্রাথমিক শিক্ষা কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো কোনো কাজ শুরু হয়নি। নদীর পানি সরে গেলে ভাঙন আরও তীব্র হবে। এ জন্য তাঁরা চিন্তায় আছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, তিনি বিষয়টি নিয়ে পাউবোসহ সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছেন। আশা করা যাচ্ছে, দ্রুত এর সমাধান মিলবে।