বাড়ির উঠানে বসে কুড়িগ্রামের রাজারহাটের চর নাখেন্দা গ্রামে জাহেদুল ইসলাম (৬১) পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করছিলেন তিস্তার পাড় ভাঙলে কোথায় যাবেন। নদী ভেঙে জাহেদুলের বাড়ির উঠানের কাছাকাছি চলে এসেছে। উজান থেকে ঘোলা পানির স্রোতে উঠানের মাটি একটু একটু করে ধসে যাচ্ছে। আরেকটু ভাঙলে তৃতীয়বারের মতো ঘর সরিয়ে নিতে হবে জাহেদুলকে।
জাহেদুল ইসলাম বলেন, ‘ভাইগো, নদীর কাছার (পাড়) ভাঙি পানিত পড়ে, আর হামার বুক শিলা নাগে। ভয়ে রাইতোত ঘুম আইসে না। কখন বেন বাড়ি ভাঙি নদীত যায়। এই নিয়া তিনবার বাড়ি সরাইলাম। আর যে পরি না।’
চর নাখেন্দা গ্রাম উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে। রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার ১০টি ইউনিয়নে চলতি মাসের শুরু থেকে ভাঙছে তিস্তা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ পর্যন্ত এসব ইউনিয়নের প্রায় সাড়ে তিন শ বসতভিটা ভাঙনের শিকার হয়েছে। সবচেয়ে বেশি ভেঙেছে ঘড়িয়ালডাঙ্গা ও উলিপুরের পশ্চিম বজরা এলাকায়।
তিস্তা নদী রাজারহাটের চর নাখেন্দা দিয়ে প্রবেশ করে জেলার উলিপুর ও চিলমারী উপজেলা হয়ে ব্রহ্মপুত্র নদে মিশেছে। এ পথের দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার। এর মাঝের ১৬টি স্থানে ভাঙন শুরু হয়েছে। এগুলো হলো রাজারহাটের চর নাখেন্দা, গতিয়াসাম, চতুরা, বুড়িগ্রামহাট, কালীর হাট, গাবুর হেল্লা, মেদনীপুর, বিদ্যানন্দ, উলিপুর উপজেলার ঠুটাপাইকোর, দলদলিয়া, থেতরাই (গোড়াই পিয়ার) নাগরাকুরা, পশ্চিম বজরা, হোকডাঙ্গা, অজুনের পাড়, দাঁড়িয়ার পাড় ও চিলমারীর কাশিম বাজার।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার জানিয়েছেন, তাঁর ইউনিয়নের আটটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। গত রোববার সকালে তিস্তা সেতু থেকে চিলমারী পর্যন্ত নদীর তীরবর্তী প্রায় ২০ কিলোমিটার এলাকা ঘুরে কথা হয় স্থানীয় লোকজনের সঙ্গে। এ অংশে ভাঙন দেখা দেওয়ায় বাসিন্দারা পানি উন্নয়ন বোর্ডের তীর রক্ষা বাঁধ ও আবাসনে আশ্রয় নিয়েছেন।
গতিয়াসাম গ্রামে ইতিমধ্যে ২০ থেকে ২৫টি পরিবার নদীভাঙনের শিকার হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। চিলমারী উপজেলার কাশিমবাজারে গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের লোকজন জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ করছেন।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, সরকার স্থায়ীভাবে ভাঙন রোধে ৮ হাজার ২০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে। এটি প্রক্রিয়াধীন আছে। বাস্তবায়িত হলে মানুষের দুঃখ আর থাকবে না।