নদে মিলল পুলিশের ধাওয়ায় ঝাঁপ দেওয়া তরুণের লাশ
গাজীপুরের শ্রীপুরে পুলিশের ধাওয়ায় নদে ঝাঁপিয়ে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরামা সেতুর পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
ওই তরুণের নাম মো. মামুন (২৪)। তিনি বরমী ইউনিয়নের বরামা গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে। গত রোববার বিকেল থেকে মামুন নিখোঁজ ছিলেন।
মামুনের বড় ভাই মাসুম মিয়া বলেন, রোববার বিকেলে মামুন ইফতারি কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাকীল আহমেদের নেতৃত্বে মোট চারজন সাদাপোশাকধারী পুলিশ সদস্য এসে মামুনকে গ্রেপ্তার করেন। এরপর পুলিশ সদস্যরা মামুনকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে মামুন পাশের বানার নদে ঝাঁপ দেন। এর পর থেকে মামুনকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানান, আজ সকাল নয়টার দিকে বানার নদে বরামা সেতুর পাশে মামুনের লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এর আগে রবি ও সোমবার সেতুর জেলেপাড়া এলাকায় দফায় দফায় অনুসন্ধান চালায় ডুবুরি দল লাশ উদ্ধারে ব্যর্থ হয়।
তবে মামুনকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে এএসআই শাকীল আহমেদ বলেন, মামুনের বিরুদ্ধে তিনটি মামলা আছে। একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি তিনি। গ্রেপ্তার করতে গেলে আসামি পালিয়ে যান। তাই মামুনকে গ্রেপ্তার করা যায়নি। আর মারধরের বিষয়টি একেবারেই সত্য নয়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আজ সকালে নিহত তরুণের লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।