নদের ভাঙনে ঝুঁকিতে সরিষাবাড়ীর দুই গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণের পর দুই বছরের মধ্যে ১২ ফুট প্রস্থের সড়ক কাম বাঁধের ৯ ফুট ঝিনাই নদের ভাঙনে বিলীন হয়ে গেছে
ছবি: প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদের ব্যাপক ভাঙনে ও ভারী বর্ষণে শিশুয়া-হেলেঞ্চাবাড়ির দেড় কিলোমিটার সড়ক পাঁচ মাস আগে বিলীন হয়ে গেছে। এতে দুটি গ্রামের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামরাবাদ ইউনিয়ন পরিষদ, দুটি মাদ্রাসা, চারটি মসজিদসহ নদের ভাঙনে হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সরিষাবাড়ী উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের পাশ দিয়ে ঝিনাই নদ প্রবাহিত হয়েছে। ঝিনাই নদের তীর সংরক্ষণে ২০১৮-১৯ অর্থবছরে ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে শিশুয়া-হেলেঞ্চাবাড়ি সড়ক কাম বাঁধ নির্মাণ করা হয়। সড়ক কাম বাঁধটির দৈর্ঘ্য দেড় কিলোমিটার ও প্রস্থ ১২ ফুট। তবে দুই বছর যেতে না যেতেই ঝিনাই নদের অব্যাহত ভাঙনে ও ভারী বর্ষণে সড়ক হুমকির মুখে পড়েছে।

১২ ফুট প্রস্থের এই সড়ক বাঁধের ৯ ফুট ঝিনাই নদের ভাঙনে বিলীন হয়ে গেছে। এতে ওই সড়ক দিয়ে যানবাহন ও মানুষজনের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝিনাই নদের ভাঙন থেকে সড়ক বাঁধকে রক্ষা না করা গেলে কামরাবাদ ইউনিয়নের দুটি গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ অনেক স্থাপনা বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

সোনাকান্দার গ্রামের বাসিন্দা ও কামরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, আগামী বর্ষার আগে পাকা সড়ক বাঁধটি রক্ষা করা না গেলে দুই গ্রামের আট হাজার মানুষের ঘরবাড়ি নদে চলে যাবে। এসব মানুষ ভূমিহীন হয়ে পড়বেন।

হেলেঞ্চাবাড়ি গ্রামের আমেনা বেগম বলেন, ‘রাইতে শুইলে ঘুম আসে না। কখন যে বাড়িঘর ভাঙে যায়। ভাঙে গেলে কই যামু। আমগো জায়গাজমি নাই।’

হেলেঞ্চাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. উজ্জ্বল হোসাইন বলেন, আগামী বর্ষায় নদের ভাঙনে বিদ্যালয় বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত কোনো উদ্যোগ না নেওয়া হলে কয়েক শ ছেলেমেয়ের শিক্ষাজীবন হুমকির মুখে পড়বে।

কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম বলেন, বাঁধের বেশির ভাগ অংশ নদগর্ভে বিলীন হয়ে গেছে। তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে লিখিত আবেদনও করেছেন। তবে এখন পর্যন্ত সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, সড়ক বাঁধটি নদের ভাঙনে বিলীন হতে চলেছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। বরাদ্দ আসলেই সড়ক বাঁধের কাজ শুরু করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা বলেন, সড়ক বাঁধটি রক্ষায় শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।