নন্দীগ্রাম পৌর আ.লীগে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা
বগুড়ার নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সম্মেলনের এক মাস পর দুই দিনের ব্যবধানে পাল্টাপাল্টি দুটি কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের একাংশ গত শুক্রবার নতুন কমিটির ঘোষণা করে। এর দুই দিনের মাথায় উপজেলা শাখার আরেকটি অংশ রোববার পাল্টা একটি কমিটি ঘোষণা করেছে। উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে পৌর শাখার পাল্টাপাল্টি কমিটি ঘোষণাকে কেন্দ্র নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি বিকেলে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সেই সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান, যুগ্ম সম্পাদক এ কে এম আসাদুর রহমানসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন। তবে এই সম্মেলনে অনুপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের কাছ থেকে সভাপতি ও সম্পাদকের নাম প্রস্তাব গ্রহণ করা হলেও, অজ্ঞাত কারণে কমিটি ঘোষণা না করেই জেলার নেতারা সম্মেলনস্থল ত্যাগ করেন। এক মাসের বেশি সময় পর ১৮ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নতুন পৌর কমিটির ঘোষণা দেন। এতে বকুল হোসেনকে সভাপতি ও শাহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।
এই কমিটি প্রত্যাখ্যান করে দুদিন পর আবদুর রাজ্জাক প্রামাণিককে সভাপতি, আবদুর রাজ্জাক মণ্ডলকে সাধারণ সম্পাদক ও তারেক মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী হাসান স্বাক্ষরিত পাল্টা কমিটি ঘোষণার পরপরই নন্দীগ্রাম সদরে দুই কমিটির নেতা-কর্মীরা পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করছেন। দুই পক্ষ যেকোনো সময় সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব চূড়ান্ত হয়। কিন্তু পৌর কমিটির তৎকালীন সভাপতি অনুপস্থিত থাকায় কমিটি ঘোষণা স্থগিত করা হয়। পরে ১৮ ফেব্রুয়ারি জেলা কমিটি থেকে নন্দীগ্রাম পৌর কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি চলছে। এমন সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অনিয়মতান্ত্রিকভাবে কতিপয় নেতা পাল্টা কমিটি ঘোষণা করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। বিষয়টি জেলা কমিটির নেতাদের অবগত করা হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী হাসান বলেন, কতিপয় নেতা ত্যাগীদের বাদ দিয়ে আওয়ামী লীগকে কুক্ষিগত করার চেষ্টা করছেন। তাঁদের ষড়যন্ত্র সফল হবে না। গঠনতন্ত্র মেনেই নন্দীগ্রাম পৌর কমিটি ঘোষণা করা হয়েছে।