নন্দীগ্রামে সাঁওতালপল্লি থেকে চোলাই মদ উদ্ধার, পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
বগুড়ার নন্দীগ্রামের সাঁওতালপল্লি থেকে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বৃন্দাবনপাড়ার সাঁওতালপল্লির এক বাড়ি থেকে এ মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষে নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিমসহ সাত পুলিশ সদস্য ও আটজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে রেজাউল করিমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এসআই রেজাউল করিম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে পুলিশ সাঁওতালপল্লির বাসিন্দাদের ঘর তল্লাশি শুরু করলে পল্লির নারী-পুরুষেরা ক্ষুব্ধ হয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করলে কমপক্ষে পল্লির আট বাসিন্দা আহত হন। এ সময় ক্ষুব্ধ হয়ে পল্লির বাসিন্দারা সংঘবদ্ধ হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এসআই রেজাউল করিমসহ সাত পুলিশ সদস্য আহত হন।
পল্লির বাসিন্দারা জানান, আগামী শনিবার পল্লির দুই তরুণী পাতা মাহাতো ও লতা মাহাতোর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা আছে। বিয়ের সামাজিক রীতি অনুযায়ী বরযাত্রীদের জন্য কনের বাড়িতে কিছু চোলাই মদ তৈরি করে মজুত করা হয়েছিল।
পল্লির বাসিন্দা জাম্বু মাহাতো বলেন, বিয়ের সামাজিক রীতি অনুযায়ী ওই বাড়িতে মদ তৈরি করা হয়েছিল। কিন্তু পুলিশ বিনা উসকানিতে পল্লিতে হামলা ও লাঠিপেটা করেছে। এতে হরিদাস মাহাতো, ভক্তি রানী মাহাতো, অন্তরা মাহাতোসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন।
তবে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সেখানে মাদক উদ্ধার অভিযান চালিয়েছে। ওই পল্লিতে কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না। অভিযানের সময় স্থানীয় দুষ্টু প্রকৃতির লোকজন সরকারি কাজে বাধা দিয়ে পুলিশের ওপর হামলা করেছেন। এ ঘটনায় গতকাল রাতেই থানায় মামলা হয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।