নন্দীগ্রামের ভাটরা ইউপিতে ভোটযুদ্ধে ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোরশেদুল বারী ও মজনুর রহমান (বাঁ থেকে)
ছবি: সংগৃহীত

চতুর্থ ধাপে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোরশেদুল বারী। এ ইউপিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে তাঁর বিরুদ্ধে মাঠে নেমেছেন ভাই মজনুর রহমান। তাঁরা দুজনই গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনে আপন দুই ভাইয়ের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা চলছে। দুই ভাইকেই ভোটের লড়াইয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছেন ভোটাররা। তবে এ দুজন ছাড়াও এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আরেক নেতা আবদুল্লাহেল বাকীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইতিমধ্যেই উপজেলা আওয়ামী লীগের একাংশ কেন্দ্রীয় আওয়ামী লীগে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে মোরশেদুল বারীর বিরুদ্ধে ২০১৭ সালে বগুড়ার মুজিবুর রহমান মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত জানুয়ারিতেই বর্তমান চেয়ারম্যান মোরশেদুল বারীর সঙ্গে তাঁর ভাই মজনুর রহমানের ঘরের বিবাদ প্রকাশ্যে ছড়িয়ে পড়ে। মজনুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও উপজেলার কুমিড়া পণ্ডিতপুকুর উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি। ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে মজনুরকে সভাপতি পদ থেকে সরিয়ে নিজের এক সমর্থককে সভাপতি করতে রাজশাহী শিক্ষা বোর্ডে চিঠি দেন মোরশেদুল। কিন্তু মজনুরকেই সভাপতি করে পরিচালনা পর্ষদের (অ্যাডহক কমিটির) মনোনয়ন দেয় শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে মোরশেদুল বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হুমকি দিয়ে বিদ্যালয়ছাড়া করেন বলে অভিযোগ রয়েছে।

চলতি বছরের ২ জানুয়ারি ওই স্কুলে বই বিতরণ অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় সাবেক দুই ইউপি সদস্য আখতারুজ্জামান মানিক, বেলাল হোসেনসহ তিনজন আহত হন। এ হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনে বেলাল হোসেনের ছেলে ও মজনুরের সমর্থক তৌহিদুল ইসলাম চেয়ারম্যান মোরশেদুলসহ ১৩ জনকে আসামি করে নন্দীগ্রাম থানায় মামলা করেন।

এদিকে বই বিতরণ অনুষ্ঠানে হামলা চালানো ছাড়াও মোরশেদুল বারীর বিরুদ্ধে নানা অপকর্মের বিষয়ে ইতিমধ্যেই উপজেলা আওয়ামী লীগের একাংশ কেন্দ্রীয় আওয়ামী লীগে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে মোরশেদুল বারীর বিরুদ্ধে ২০১৭ সালে বগুড়ার মুজিবুর রহমান মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের চতুর্থ বর্ষের এক ছাত্রীর সঙ্গে মোরশেদুল বারীর মুঠোফোনে পরিচয় হয়। সেই সূত্র ধরে মোরশেদুল ওই ছাত্রীকে বগুড়া পর্যটন মোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে কলেজছাত্রী বাদী হয়ে ২০১৭ সালের ৩১ আগস্ট শাজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ২০১৭ সালের ২২ অক্টোবর ওই ছাত্রীকে বিয়ে করেন মোরশেদুল।

এদিকে মোরশেদুল বারীর বিরুদ্ধে ২০১৭ সালে নন্দীগ্রাম থানায় দুই লাখ টাকা চাঁদাবাজির মামলা করেছিলেন উপজেলার কুমিড়া পণ্ডিতপুকুর এলাকার হাসান মাহমুদ নামের এক ব্যক্তি। মামলার তদন্ত শেষে ওই বছরের ২৬ নভেম্বর অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এ ছাড়া বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক নেতা বেনজীর আহমেদকে হত্যাচেষ্টার অভিযোগ এনে তাঁর মা বেলি বেগম ২০১৫ সালের ১৫ মার্চ নন্দীগ্রাম থানায় মোরশেদুল বারীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

এসব মামলা ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোরশেদুল বারী বলেন, ছাত্রী ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন। ওই ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সর্ম্পক ছিল। ধর্ষণের মামলা হলেও এটি আদালতে আপস হয়েছে। আর বই বিতরণ অনুষ্ঠানে হামলার অভিযোগ সত্য নয়।

এদিকে ভাই মজনুরের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে তিনি বলেন, অন্যের মাধ্যমে প্ররোচিত হয়ে মজনুর চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে মনে করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মজনুর রহমান বলেন, ‘অন্যের মাধ্যমে প্রভাবিত হয়ে বা পারিবারিক কারণে নয়। সাধারণ ভোটারের অনুরোধেই প্রার্থী হয়েছি। ভোটাররা আমার সঙ্গে আছেন। কোনো চাপে নির্বাচন থেকে সরে যাব না। ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়াই করব।’

নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুস সালাম জানান, চতুর্থ ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।