নবজাতক ফিরে গেল মায়ের কোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার পর শয্যায় রাখা হয় নবজাতকটিকে। মঙ্গলবার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে
ছবি: প্রথমআলো

নীলফামারীর সৈয়দপুরে ২০ হাজার টাকায় নবজাতক সন্তান বিক্রির অভিযোগ উঠেছে মা–বাবার বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার সৈয়দপুর শহরের নিচু কলোনি এলাকার মো. নাদিমের স্ত্রী জোছনা বেগম (৩২) প্রসব বেদনা নিয়ে সকাল সোয়া ৭টার দিকে হাসপাতালে ভর্তি হন। সাড়ে আটটার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে একটি ছেলেসন্তানের জন্ম দেন তিনি। এরপর ওই নবজাতককে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন একই মহল্লার জামিলা খাতুনের কাছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শহরের কুন্দল এলাকার রফিক মিয়া বলেন, ‘হাসপাতালের মূল ফটকে নবজাতকের বাবার সঙ্গে এক নারী ক্রেতার চুক্তিপত্র সম্পাদন হতে দেখি। চুক্তিপত্রে স্বাক্ষর শেষে ওই নারী নবজাতকের বাবার হাতে টাকার একটি বান্ডিল তুলে দেন।

পরে ঘটনাটি চাউর হলে সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আবদুর রহিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীর কাছ থেকে শিশুটিকে উদ্ধার করেন।’

খোঁজ নিয়ে জানা যায়, ওই নারীর নাম লিমা আকতার। তিনি সৈয়দপুর শহরের নিচু কলোনি মহল্লার খায়রুল ইসলামের স্ত্রী। নবজাতকের মা জোছনা বেগম বলেন, ‘জামিলা খাতুন আমার দূরসম্পর্কের ফুফাতো বোন। তাঁর কোনো ছেলেসন্তান না থাকায় তাঁকে স্বেচ্ছায় দিয়েছি। তবে আমার চিকিৎসার খরচ বাবদ তিনি আমাদের ২০ হাজার টাকা দিয়েছেন।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক নবিউর রহমান বলেন, ‘সকাল ১০টার দিকে ঘটনাটি জানতে পেরে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ওমেদুল হাসান ও গাইনি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসুদা আফরোজসহ ওই ওয়ার্ডে পরিদর্শনে যাই। সেখানে নবজাতকের মা জোছনা বেগমকে দেখতে পাই, কিন্তু ওই সময় নবজাতককে বেডে পাওয়া যায়নি।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ নবজাতককে উদ্ধার করে। আর নবজাতক বিক্রির বিষয়টি তদন্ত করা হচ্ছে।