সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর মো. ইশরাত ইবনে ইসমাইলের অপসারণের দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁদের দাবি, আন্দোলনের সময় যৌন হয়রানির অভিযোগ জানানো এক ছাত্রী শিক্ষক ইসমাইলের সহযোগিতা চাইলেও তখন তিনি কোনো পদক্ষেপ নেননি। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি করেন।
শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক শেষে বিস্তারিত জানাতে শিক্ষার্থীরা ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলমগীর কবীরকে অব্যাহতি দিয়ে নতুন প্রক্টর হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইলকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গত ১৬ জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ যখন অবরুদ্ধ ছিলেন, তখন এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছিলেন। সেখানে থাকা শিক্ষক মো. ইশরাত ইবনে ইসমাইলকে ওই ছাত্রী বিষয়টি অবহিত করলেও তিনি বিষয়টি ঠেকাতে কোনো উদ্যোগ নেননি। এ কারণে তিনি প্রক্টর পদের অনুপযোগী।
শিক্ষার্থীরা আরও বলেন, শনিবার বিকেল চারটায় শিক্ষার্থীরা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কর্মসূচির বিষয়ে গণমাধ্যমকে অবহিত করবেন। সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ইয়াসির সরকার বলেন, নবনিযুক্ত প্রক্টরের সামনে এক ছাত্রীকে যৌন হয়রানি করা হয়েছিল। তবে তিনি সে ঘটনা প্রতিহত করার উদ্যোগ নেননি। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁকে (মো. ইশরাত ইবনে ইসমাইল) দেওয়া অনুচিত হয়েছে।
ইয়াসির সরকার আরও বলেন, তাঁকে (মো. ইশরাত ইবনে ইসমাইল) অপসারণের জন্য আমরা শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানিয়েছি। মন্ত্রী আমাদের এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া মন্ত্রী আগামীতে প্রক্টর নিয়োগে শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন।’
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে গঠিত কমিটির সভাপতি অধ্যাপক নাজিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, চলতি মাসে এ–সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়েছে। বিষয়টি তদন্তাধীন আছে। তাই এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না। নবনিযুক্ত প্রক্টর মো. ইশরাত ইবনে ইসমাইল অভিযোগের বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো কিছুই আমার জানা নেই। কেন তাঁরা (আন্দোলনকারী শিক্ষার্থীরা) এমন বলছেন, সেটাও বুঝতে পারছি না।’
গত ১৩ জানুয়ারি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন কয়েক শ ছাত্রী। ১৬ জানুয়ারি দাবি আদায়ের লক্ষ্যে উপাচার্যকে অবরুদ্ধ করা অবস্থায় পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে এ আন্দোলন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।
প্রথম ছয় দিনে দাবি পূরণ না হওয়ায় ১৯ জানুয়ারি বেলা তিনটা থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন ২৪ শিক্ষার্থী। ২৬ জানুয়ারি সকালে অনশনস্থলে এসে লেখক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের অনশন ভাঙান। তবে শিক্ষার্থীরা অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।
ওই আন্দোলনের জেরে ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক জহির উদ্দিন আহমদকেও অব্যাহতি দেওয়া হয়েছিল। উপাচার্যের পদত্যাগের পাশাপাশি ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক জহির উদ্দিন এবং প্রক্টর মো. আলমগীর কবীরের পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।