নবাবগঞ্জ শিশুপার্কে কমিউনিটি সেন্টার নয়

পুরান ঢাকার ঐতিহ্যবাহী নবাবগঞ্জ শিশুপার্কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কমিউনিটি সেন্টার নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছে দেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।
গতকাল শনিবার বেলা ১১টায় এই পার্কসংলগ্ন সদরঘাট-গাবতলী বেড়িবাঁধে ‘নবাবগঞ্জ শিশুপার্ক সংরক্ষণ করার’ দাবিতে এই মানববন্ধন করা হয়। এই এলাকাটি ডিএসসিসির ২৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন। ডিএসসিসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এই পার্কসহ নগরীর বিভিন্ন স্থানে আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করেছে ডিএসসিসি৷ সে অনুযায়ী কাজ চলছে৷
মানববন্ধনে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ডিএসসিসির এই ওয়ার্ডে পাঁচ লক্ষাধিক লোক বসবাস করে। কিন্তু মহল্লার শিশু-কিশোরদের খেলাধুলা ও আনন্দ বিনোদনের জন্য পর্যাপ্ত পার্ক ও মাঠ নেই। এর মধ্যে কমিউনিটি সেন্টারের নামে নবাবগঞ্জ পার্কটি ধ্বংস করতে পরিকল্পনা নিচ্ছে ডিএসসিসি। তা বাস্তবায়িত হলে মহল্লার শিশু-কিশোরদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। এ ছাড়া মানুষের শ্বাসপ্রশ্বাসের জন্য কোনো জায়গা থাকবে না। তিনি বলেন, ডিএসসিসির এই পরিকল্পনা জনসমক্ষে প্রকাশ করতে হবে৷ পাশাপাশি গণশুনানিরও আয়োজন করতে হবে। এর ফলাফলের ভিত্তিতে তা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আবু নাসের খান আরও বলেন, ঢাকা মহানগরীর খেলার মাঠ, পার্ক ও লেক নগরবাসীর সম্পদ। ইচ্ছা করলেই যেকোনো সংস্থা তা দখল বা অন্য সংস্থাকে স্থাপনা নির্মাণের অনুমতি দিতে পারে না। অথচ ডিএসসিসি নিজেই পার্ক ও উন্মুক্ত স্থানের বিষয়ে সচেতন নয়। বর্তমানে নবাবগঞ্জ শিশুপার্কে ঈদের জামায়াত, সামাজিক ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। তাই কোনো অবস্থাতেই কমিউনিটি সেন্টার বা অন্য কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।
মানববন্ধনে বক্তারা নবাবগঞ্জ পার্কটি সংরক্ষণে করণীয় কয়েকটি দিক বাস্তবায়নের আহ্বান জানান। দিকগুলো হলো নবাবগঞ্জ শিশুপার্কে কমিউনিটি সেন্টার স্থাপনের পরিকল্পনা বন্ধ করা৷ পার্কটি আধুনিকায়ন ও শিশুপার্কের দখল করা জায়গা অংশ উদ্ধার করা৷ নগরীর পার্ক, খেলার মাঠ ও লেক এলাকার নিরাপত্তা নিশ্চিত করা।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সংগঠনটির সহসম্পাদক মো. সেলিম, পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমিরুল হাসান, সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাবিব, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসানত, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম, বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপের দপ্তর সম্পাদক আবদুল ওয়াহেদ প্রমুখ বক্তব্য দেন।