নবীগঞ্জে গ্রামপুলিশ সদস্যদের মাঝে সাইকেল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩ জন গ্রামপুলিশ সদস্যকে সাইকেল দেওয়া হয়েছে। গতকাল শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বেলা ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী গ্রাম পুলিশ সদস্যদের হাতে সাইকেল তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কেয়া চৌধুরী বলেন, টিআর প্রকল্পের আওতায় এসব সাইকেল বিতরণ করা হলো। ভবিষ্যতে জেলার বাহুবল উপজেলা এবং সিলেট সদর উপজেলার গ্রামপুলিশ সদস্যদের মাঝে সাইকেল বিতরণ করা হবে। তিনি আরও বলেন, গ্রামপুলিশ সদস্যরা তৃণমূল মানুষের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন। এ সাইকেল পেয়ে তাঁদের কাজের গতি আরও বাড়বে বলে আশা করছেন তিনি। গ্রামপুলিশের নবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. সোনাহর মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপস্থিত গ্রামপুলিশ সদস্যরা বলেন, অনেক সময় প্রত্যন্ত এলাকায় তাঁদের হেঁটে দায়িত্ব পালন করতে হয়। এতে যেমন বিড়ম্বনায় পড়তে হয়, তেমনি সময়ও বেশি লাগে। কুর্শি ইউনিয়নের গ্রামপুলিশ সদস্য শেখ ইউসুফ বলেন, ‘আমরা অতিরিক্ত কোনো সুবিধা কখনোই পাইনি। সাইকেল পাওয়ায় কাজে সুবিধা হবে।’