নবীগঞ্জে ঘর পোড়ানোর মামলায় আ.লীগ নেতা রিমান্ডে
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মামলায় আজ বুধবার দুপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান ওরফে মুকুলের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নবীগঞ্জ উপজেলার রুক্ষারপাড় হাওরে একটি মাছের খামারের নৈশপ্রহরী আবুল মিয়া ও তাঁর স্ত্রী ঝারু বেগমের ওপর হামলা হয়। এ ঘটনায় প্রতিশোধ নিতে সাতাইহাল ও আশপাশের কয়েকটি গ্রামের লোকজন গত ৩০ মে সকাল ১০টায় লাঠিসোঁটা, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলা করে ১৩টি বাড়িঘর আগুনে পুড়িয়ে দেন। এ ঘটনায় ওই রাতেই সাতাইহাল গ্রামের নুর উদ্দিন আহমেদ, ইমদাদুর রহমানসহ ৪৭ জনের নামে এবং আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা হয়।
ইমদাদুর রহমান নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি। এ ছাড়া সরকারি চাল আত্মসাতের অভিযোগে সম্প্রতি তাঁকে ইউপি চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়।
এ মামলায় পুলিশ আজ দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার মিরপুর-ধুলিয়াখাল সড়কের মশাজান সেতুর কাছ থেকে ইমদাদুর রহমানকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুনানি শেষে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মণ আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইমদাদুর রহমান নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি। এ ছাড়া সরকারি চাল আত্মসাতের অভিযোগে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করে।