নবীনগরে মাস্ক না পরায় ভোটকেন্দ্রের বাইরে তিনজনকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে স্বাস্থ্যবিধি না মানায় এক দোকানিসহ তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল নয়টার দিকে বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই ওই কেন্দ্রের বাইরে সাধারণ ভোটাররা ঘোরাফেরা করছিলেন। কেন্দ্রের বাইরে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, সেটি পর্যবেক্ষণ করতে যান নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা নাসিরনগরের ইউএনও হালিমা খাতুন। এ সময় মাস্ক না থাকায় দোকানি হরিপদ সাহাকে ৩০০ টাকা এবং ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সুলতান মাহমুদ ও আবুল কালাম আজাদকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
হালিমা খাতুন প্রথম আলোকে বলেন, ওই তিন ব্যক্তি ভোটকেন্দ্রের বাইরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক না পরে ঘোরাফেরা করছিলেন। তাই সংক্রামক রোগপ্রতিরোধ ও নির্মূল আইনে ওই তিনজনকে জরিমানা করা হয়েছে। এ সময় তাঁদের বিনা মূল্যে একটি করে মাস্ক দেওয়া হয়েছে।
ষষ্ঠ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও কসবা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ চলছে।