নমুনা সংগ্রহ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

কর্তৃপক্ষ বলছে, হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় ভিড় হচ্ছে। বিকল্প জায়গা খুঁজে কাজ করার চেষ্টা চলছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার নমুনা দিতে এসে গাদাগাদি করে দাঁড়াচ্ছেন সবাই। গতকাল সকালে বাগেরহাট সদর হাসপাতালে।
ছবি: ইনজামামুল হক

হাসপাতালে ঢুকতেই মূল ভবনের পূর্ব প্রান্তের কলাপসিবল গেটে মানুষের জটলা। ওই গেট দিয়ে ভেতরে প্রবেশের কোনো জায়গা নেই। যাঁরা ভেতরে আছেন, তাঁরাও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অস্থির হয়ে উঠেছেন। পঞ্চাশোর্ধ্ব এক নারীকে দেখা গেল, গেটের কাছে বসে খুকখুক করে কাশছেন। কথা বলতেও কষ্ট হচ্ছে তাঁর। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এমনই চিত্র দেখা গেছে বাগেরহাট সদর হাসপাতালের ফ্লু কর্নারের সামনে। সেখানেই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে।

সকাল ৯টা থেকে বৃদ্ধ মাকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন শহরের দশানী এলাকার মতিন হাওলাদার। তিনি বলেন, ‘এক সপ্তাহ ধরে মায়ের জ্বর, সর্দি-কাশি। বাসায় আরও দুজন অসুস্থ। দুই দিন আগে এখানে এসে আমার বোনের নমুনা দিয়ে যাই। গতকাল (মঙ্গলবার) তাঁর করোনা শনাক্ত হয়েছে। মা–ও অসুস্থ। তাই তাঁকে নিয়ে নমুনা দিতে এসেছি।’

ক্ষোভ প্রকাশ করে মতিন হাওলাদার বলেন, এখানে চরম অব্যবস্থাপনা। এটা কী করোনার পরীক্ষার নমুনা সংগ্রহ কেন্দ্র, নাকি সংক্রমণ কেন্দ্র? কোনো সুস্থ মানুষ এখানে এলেও করোনায় সংক্রমিত হয়ে বাড়ি ফিরবেন।

গেটের সামনে দাঁড়িয়ে মতিন হাওলাদারের সঙ্গে কথা বলার সময় ভেতরে চলছিল ধাক্কাধাক্কি। কয়েকজনের বিরুদ্ধে পেছন থেকে এসে আগে

নমুনা দেওয়ার চেষ্টার অভিযোগ। এ নিয়ে হাতাহাতির উপক্রম। তাঁদের একজন বলছিলেন, ‘আমি এমপি সাহেবের লোক।’ এই কথা শুনে অন্যজন বলে উঠলেন, ‘আমি এমপি সাহেবের ভোটার।’ নমুনা দিতে আসা এক প্রবীণের মধ্যস্থতায় শান্ত হন তাঁরা।

নমুনা দিতে আসা অন্য একজন বলেন, ‘এখানে সাড়ে ৯টা থেকে দাঁড়িয়ে আছি। ডাক্তার আসছেন সাড়ে ১০টায়। এর আগে এক দিন আসছি। ডাক্তার এসেছিলেন সোয়া ১১টায়। অনেক মানুষ এখানে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছেন। কোনো প্রকার ব্যবস্থাপনা নেই।’

র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় সেখানে করোনা পজিটিভ এসেছে শহরের সরুই এলাকার নূরুল কবিরের। তিনি বলেন, ‘দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর পরীক্ষা করাতে পারছি। আমার যদি করোনা না–ও থাকত, যে অবস্থা তাতে আমি আক্রান্ত হয়ে বাড়ি যেতাম। এত স্বাস্থ্যবিধির কথা বলা হয়। কিন্তু এখানেই কোনো স্বাস্থ্যবিধি নেই। নারী-পুরুষের জন্য পর্যন্ত আলাদা লাইন নেই। গায়ে গায়ে ঠেলাঠেলি করে দাঁড়াতে হচ্ছে। ডাক্তার আসেন দেরিতে। কোনো নিয়ম নেই।’

সদর উপজেলার বাদখালী এলাকা থেকে আসা সাহিদা বেগম ও আলম শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফটোসেশনে আমরা অনেক কিছু দেখি। কিন্তু বাস্তবে তার কিছু নেই। নমুনা পরীক্ষার যে ভোগান্তি, তার চেয়ে পরীক্ষা না করাই ভালো।’ একপর্যায়ে নমুনা পরীক্ষা না করেই ফিরে যান তাঁরা দুজন। এ সময় তাঁরা বলেন, ‘যে ভিড় আর গাদাগাদি, করোনা না হলেও এখানে পরীক্ষা

করাতে গেলে আক্রান্ত হব নিশ্চিত। তার চেয়ে বাড়ি চলে যাচ্ছি।’

বাগেরহাটে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব নেই। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ছাড়াও বক্ষব্যাধি ক্লিনিকে জিন এক্সপার্ট মেশিনে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। সেখানে খোঁজ নিয়ে জানা গেছে, কিট–সংকটে সেখানে পরীক্ষা বন্ধ মঙ্গলবার থেকে। আর কর্মীসংকটের কারণে ফ্লু কর্নারের সামনে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট চলছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে।

জিন এক্সপার্ট মেশিনে কিট শেষ হয়ে যাওয়ার কথা স্বীকার করে বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য পর্যাপ্ত কিটের মজুত আছে। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পরীক্ষার চাপ বাড়ছে। জিন এক্সপার্ট মেশিনের কিটের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। কিট এলে আবারও পরীক্ষা শুরু হবে। অ্যান্টিজেন পরীক্ষা অব্যাহত আছে। নতুন করে ১০ হাজার কিট এসেছে।

সদর হাসপাতালে করোনা পরীক্ষা কেন্দ্রের সামনে অব্যবস্থাপনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিভিল সার্জন বলেন, হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় ভিড় হচ্ছে। আর বিকল্প জায়গাও নেই। তবে বিকল্প জায়গা খুঁজে কাজ করার চেষ্টা চলছে।