নমুনা সংগ্রহের কাজে এগিয়ে আসা স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকারী স্বাস্থ্য সহকারী আবু তাহেরের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দেশে করোনা সংক্রমণ শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা সংক্রমণ শনাক্তে দায়িত্ব পান স্বাস্থ্যকর্মী আবু সাঈদ ও আক্কাস মিয়া। তাঁদের মধ্যে আবু সাঈদের গত ১০ মে করোনা সংক্রমণ শনাক্ত হয়। আক্কাস মিয়া অসুস্থ হয়ে ছুটিতে চলে যান। ফলে নমুনা সংগ্রহকারী না থাকায় ১০ দিন জগন্নাথপুর উপজেলায় করোনা সংক্রমণের নমুনা সংগ্রহ বন্ধ ছিল। এ অবস্থায় এগিয়ে আসেন উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বাসিন্দা স্বাস্থ্য সহকারী আবু তাহের। তিনি সুনামগঞ্জ ইপিআই ভবনে চিকিৎসক নাজমুল হোসেনের মাধ্যমে নমুনা সংগ্রহ করার প্রশিক্ষণ গ্রহণ করেন। ২৪ মে থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহ শুরু করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আবু তাহের জানান, দেশের এ ক্রান্তিলগ্নে একজন স্বাস্থ্যকর্মী হিসেবে নিজের আগ্রহে নমুনা সংগ্রহে যোগ দেন। কমপক্ষে ৫০০ জনের নমুনা সংগ্রহ করেছেন। ১০ জুন পর্যন্ত এ উপজেলায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়। একপর্যায়ে তিনি নিজে জ্বর, গলাব্যথা অনুভব করলে নমুনা পরীক্ষার পদক্ষেপ নেন। সোমবার পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তিনি বলেন, ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্যারের সার্বিক সহযোগিতায় করোনা সংক্রমণের ঝুঁকিতে কাজ করতে পেরে ভালো লাগছিল। আমি বিশ্বাস করি, সবার দোয়ায় করোনামুক্ত হয়ে আবারও কাজ শুরু করতে পারব।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর বলেন, ‘আবু তাহের একজন সাহসী ও মানবিক স্বাস্থ্যকর্মী। ক্রান্তিলগ্নে মানুষের জন্য তাঁর কাজ করার অভিপ্রায় আমাদের উজ্জীবিত করে।’ সবার দোয়া ও আশীর্বাদে আবু তাহের করোনা জয় করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাঁর অসুস্থতায় নমুনা সংগ্রহ বাধাগ্রস্ত হবে না উল্লেখ করে তিনি বলেন, নমুনা সংগ্রহকারী আবু সাঈদ করোনামুক্ত হয়েছেন। আক্কাস মিয়াও সুস্থ হয়ে কাজে যোগদান করায় নমুনা সংগ্রহে সমস্যা হবে না। সোমবার পর্যন্ত উপজেলার ৫৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাঁদের মধ্যে শনাক্ত হন ৪৯ জন। সুস্থ হয়েছেন আটজন।