নমুনা সংগ্রহের পর ভবন লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা
কুমিল্লা

করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা জানতে কুমিল্লা নগরের পশ্চিম বাগিচাগাঁও রেলস্টেশন এলাকার এক যুবকের (২১) রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর ওই যুবক যে ভবনে থাকেন, সেই ভবন লকডাউন করা হয়েছে। ওই ভবনে ১৫টি পরিবার বাস করে।
আজ সোমবার দুপুরে কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ওই ভবন লকডাউন করেন। এই সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন ও কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও প্যানেল মেয়র জমির উদ্দিন খান উপস্থিত ছিলেন।
ওই যুবকের ভাই বলেন, দুই সপ্তাহ ধরে তাঁর ছোট ভাইয়ের জ্বর ও কাশি। কাশির কারণে তাঁর শ্বাসকষ্ট হতো। গলাব্যথাও ছিল। তবে এখন তিনি আগের চেয়ে ভালো আছেন। এরপরও তিনি নমুনা সংগ্রহ করার জন্য নিজেই চাপাচাপি করেন। পরে গতকাল রোববার নমুনা সংগ্রহ করা হয়।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাৎ হোসেন বলেন, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে গতকালই ঢাকায় পাঠানো হয়েছে। সতর্কতা হিসেবে বাড়িটি লকডাউন করা হয়।
এদিকে রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এক ব্যক্তির দুই সন্তান কুমিল্লার দেবীদ্বার উপজেলায় নানার বাড়িতে আসে। এ খবর পেয়ে প্রশাসনের লোকজন গতকাল বিকেলে ওই বাড়িতে গিয়ে পুরো এলাকা লকডাউন করে দেন।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন বলেন, দুই সন্তান মা-বাবার সঙ্গে ঢাকায় ছিলেন। বাবা আক্রান্ত হয়েছেন। বাচ্চারাও বাবার কাছে ঢাকায় ছিল। তাই সতর্কতার জন্য লকডাউন করা হয়।