নরসিংদী জেলা ও পৌর তাঁতী লীগের কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলা ও পৌর তাঁতী লীগের আহ্বায়ক কমিটি কেন্দ্রের নির্দেশে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার দুই কমিটির সভাপতি বরাবর পাঠানো পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। দুই চিঠিতেই সই করেছেন তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ।

এর আগে ২০১৭ সালের ২ সেপ্টেম্বর কায়কোবাদ হোসেনকে আহ্বায়ক করে নরসিংদী জেলা এবং হিরু সরকারকে আহ্বায়ক করে নরসিংদী পৌর তাঁতী লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।

চিঠি দুটিতে বলা হয়েছে, এই দুই আহ্বায়ক কমিটি ঘোষণার সময় বলা হয়েছিল, সম্মেলন করে তাঁতী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কাজ পরিচালনা করতে হবে। কিন্তু গত চার বছরে বারবার তাগাদা দেওয়ার পরও সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এ ছাড়া কোনো সাংগঠনিক কার্যক্রম না থাকায় এই দুই কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ তাঁতী লীগ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শওকত আলী জানান, নরসিংদী জেলা ও পৌর তাঁতী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্রুত ওই দুই স্থানে নতুন কমিটি ঘোষণা করা হবে।