নরসিংদী জেলায় করোনা শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল
নরসিংদী জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়াল। আজ শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৩৬ জনের নমুনা পরীক্ষায় ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১১০। নতুন সংক্রমিতদের মধ্যে নরসিংদী সদর উপজেলার ৮২ জন, রায়পুরার ৭, বেলাবর ১২, শিবপুরের ১৮ ও মনোহরদীর ৮২ জন আছেন। শনাক্তের হার ২৭ দশমিক ৩০। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৮৩ জন। নরসিংদী সদরে ৩৭, পলাশে ১২, বেলাবতে ৯, রায়পুরায় ৭, মনোহরদীতে ১১ ও শিবপুরে ৭ জন করোনার সংক্রমণে মারা গেছেন।
জেলা সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, মাত্র ৮ দিনের মাথায় নরসিংদীতে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৯ হাজার থেকে ১০ হাজার ছাড়িয়েছে। এই মুহূর্তে জেলায় কোভিড রোগী আছেন ২ হাজার ১২৪ জন। এর মধ্যে কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ৫৮ জন চিকিৎসাধীন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ৩৯ জন। বাড়িতে আইসোলেশনে আছেন ২ হাজার ৬৬ জন।
জেলায় এখন পর্যন্ত ৪৭ হাজার ৩৫৫ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে সদর উপজেলায়—৫ হাজার ৪২০ জন। এ ছাড়া শিবপুরে ১ হাজার ২১৮ জন, পলাশে ১ হাজার ৪৮৭, রায়পুরায় ৫৫১, বেলাবতে ৬৫১ ও মনোহরদীতে ৭৮৩ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৪৪ জন।