নরসিংদী সদরের চরাঞ্চলে হামলা, দুজন টেঁটাবিদ্ধ
নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুরে প্রতিপক্ষের হামলায় দুজন টেঁটাবিদ্ধ হয়েছেন। আজ রোববার সকালে নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুজন নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার দিলারপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শাজাহান মিয়া (৬০) ও জালু মিয়ার ছেলে বারেক মিয়া (৫৫)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে মিয়াবাড়ি ও ফকিরবাড়ির মধ্যে দ্বন্দ্ব চলছে। দুই দিন আগে একটি তুচ্ছ ঘটনায় এই দুই বংশের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরেই আজ মিয়াবাড়ির শাজাহান মিয়া ও বারেক মিয়া টেঁটাবিদ্ধ হয়েছেন।
আহত ব্যক্তিদের স্বজনেরা জানান, আজ সকালে হঠাৎ করেই ফকিরবাড়ি বংশের একটি দল টেঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা শাজাহান মিয়া ও বারেক মিয়ার বাড়িতে ঢুকে তাঁদের টেঁটাবিদ্ধ করেন। ঘটনার সময় তাঁরা দুজন বাড়িতে ঘুমাচ্ছিলেন। পরে তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ আমীরুল হক শামীম বলেন, আজ সকাল ৯টার দিকে নজরপুরের দিলারপুর থেকে দুজনকে টেঁটাবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনের কোমরের পেছনের অংশ এবং অন্যজনের ঊরু টেঁটাবিদ্ধ ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, এলাকায় বংশগত আধিপত্য বিস্তারের জন্যই এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিয়াবাড়ির দুজন টেঁটাবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।