নরসিংদীতে আরও ১৩ জন করোনায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নরসিংদীতে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৩৫ জনে। আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন মো. ইব্রাহীম।

সিভিল সার্জন কার্যালয় জানায়, গত রোববার করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৮৭ জনের নমুনা রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল বুধবার রাত ১০টার দিকে পাওয়া ফলাফলে নতুন করে ১০ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৬ জন, মনোহরদীর ২ জন এবং বেলাব ও রায়পুরার একজন করে আছেন। এ ছাড়া ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতাল থেকে ৬ জনের নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। আজ সকালে পাওয়া ফলাফলে তাদের সবারই করোনা পজেটিভ আসে। তাদের মধ্যে ৩ জন পুরাতন রোগী, অন্য ৩ জন নতুন করে আক্রান্ত। নতুন করে আক্রান্ত তিনজনের বাড়ি সদর উপজেলায়।

জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের কর্মকর্তারা বলেন, গতকাল পর্যন্ত জেলার ৬টি উপজেলা থেকে মোট ২ হাজার ৪৬১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। জেলাজুড়ে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২২৭ জন, রায়পুরায় ২৯ জন, পলাশে ১৯ জন, শিবপুরে ২৬ জন, বেলাবতে ২৭ জন ও মনোহরদীতে ৭ জন আছেন।

জেলার সিভিল সার্জন মো. ইব্রাহীম প্রথম আলোকে বলেন, নতুন করে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হবে। তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এ পর্যন্ত নরসিংদীতে কোভিড–১৯ আক্রান্ত চারজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৬৪ জন।