নরসিংদীতে আরও ২০ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫২৬ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ২০০ জন।
আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোর কাছে এসব তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম।
সিভিল সার্জন জানান, ৭ ও ৮ জুলাই মোট ১৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। গতকাল বুধবার রাতে দুই ধাপে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ১৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, শিবপুরে ৩, মনোহরদীতে ৬ ও বেলাব উপজেলায় ২ জন রয়েছেন। এ ছাড়া ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্সের আওতায় ৭ জুলাই আইসিডিডিআরবিতে পাঠানো ১৬টি নমুনার মধ্যে সদর উপজেলার একজন করোনা পজিটিভ হন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার পর্যন্ত জেলার ৬টি উপজেলা থেকে মোট ৭ হাজার ৬১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৬০৬ জনের নমুনার পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাদের মধ্যে ১ হাজার ৫২৬ জন করোনায় সংক্রমিত। নতুন করে আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ ও হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হচ্ছে।
জেলায় এখন পর্যন্ত ৩৭ জন মারা গেছেন। তাদের মধ্যে সদরে ২৩, বেলাবে ৫, রায়পুরায় ৪, মনোহরদী ও পলাশে ২ জন করে এবং শিবপুরে ১ জন রয়েছেন।