নরসিংদীতে আরও ২২৯ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ২২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৯ হাজার ৯০৯। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর সিভিল সার্জন নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৭২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে আরটি-পিসিআর ল্যাবে ৬০৪ জনের নমুনা পরীক্ষায় ২০১ জন ও র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১৬৮ জনের নমুনার মধ্যে ২৮ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ১৪১ জন। এ ছাড়া রায়পুরা উপজেলায় ৪, বেলাবে ৪, মনোহরদীতে ৩৯, শিবপুরে ২৪ ও পলাশে ১৭ জন রয়েছেন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৬ শতাংশ।

এ পর্যন্ত করোনার সংক্রমণে জেলায় মোট ৮৩ জন মারা গেছেন। তাঁদের মধ্যে নরসিংদী সদরে ৩৭, পলাশে ১২, বেলাবে ৯, রায়পুরায় ৭, মনোহরদীতে ১১ ও শিবপুরে ৭ জন রয়েছেন।

জেলায় এখন পর্যন্ত ৪৬ হাজার ৬১৯ জনের নমুনা পরীক্ষায় ৯ হাজার ৯০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৮৩৭ জন সুস্থ হয়েছেন। সবচেয়ে বেশিসংখ্যক রোগী শনাক্ত হয়েছে সদর উপজেলায় ৫ হাজার ৩৩৮ জন। এ ছাড়া শিবপুরে ১ হাজার ২০০, পলাশে ১ হাজার ৪৮৭, রায়পুরায় ৫৪৪, বেলাবে ৬৩৯ ও মনোহরদীতে ৭০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন নূরুল ইসলাম জানান, বর্তমানে জেলায় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৩১। এর মধ্যে করোনা ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ৬০ জন চিকিৎসাধীন। এ ছাড়া হাসপাতালটিতে উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ৪৫ জন। বাড়িতে আইসোলেশনে আছেন ১ হাজার ৯৭১ জন।