নরসিংদীতে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী জেলার মানচিত্র

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুরে প্রতীক বরাদ্দের পরপরই আওয়ামী লীগের বিদ্রোহী দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি বাজারে দুই বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সংঘর্ষের সময় বর্তমান চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় ও বাজারের বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়। এ সময় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরে ওই এলাকায় পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়।

ওই দুই বিদ্রোহী প্রার্থী হলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আসাদুল্লাহ ভূঁইয়া এবং সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহী। তাঁরা দুজনই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে আছেন তাঁরা। অন্যদিকে, নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাদেক।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতীকে বর্তমান চেয়ারম্যান আসাদুল্লাহ ভূঁইয়া, চশমা প্রতীকে সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহী ও নৌকা প্রতীকে আবদুস সাদেক। গতকাল বিকেলে রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পান তাঁরা। এর পরই এলাকায় ফিরে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল বের করেন আসাদুল্লাহ ও মঞ্জুর। দুই পক্ষের মিছিল দুটি পিরিজকান্দি বাজারে মুখোমুখি হয়ে গেলে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়, বেশ কিছু দোকান ও কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালায় উভয় পক্ষের সমর্থকেরা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনাস্থলে যান। ওই সময় দুই বিদ্রোহী প্রার্থী আসাদুল্লাহ ভূঁইয়া ও মঞ্জুর এলাহীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে জানতে আসাদুল্লাহ ভূঁইয়া ও মঞ্জুর এলাহীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাঁরা ধরেননি।

তবে নৌকা প্রতীকের প্রার্থী আবদুস সাদেক বলেন, বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। প্রতীক বরাদ্দের পর তাঁদের সমর্থকদের বের করা মিছিল থেকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এটি স্থানীয় আওয়ামী লীগের কোনো বিষয় নয়। এ ঘটনা তাঁদের আধিপত্য বিস্তারের চেষ্টার অংশ।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, প্রতীক বরাদ্দের পর মির্জাপুরে দুই স্বতন্ত্র প্রার্থীর মিছিল থেকে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের নির্বাচনে নরসিংদী সদর ও রায়পুরায় সহিংসতায় নয়জনের মৃত্যু হয়েছে।